রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের নতুন কমিটি গঠন

কিশোরগঞ্জ জেলার অন্যতম সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকেল চারটায় কিশোরগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার সময় পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কবির উদ্দিন ফারুকী সোয়েল-কে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহসভাপতি সামসুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন হাফিজ আকন্দ কায়েস ও মো. খুরশীদ আলম নিরব, সাংগঠনিক সম্পাদক সেতারা বেগম সেতু, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, সহ-সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার নিঝুম, অর্থ সম্পাদক জীবন কুমার দাস, তথ্য ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, এবং প্রচার সম্পাদক মো. নাজমুল হক। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ শামীম রেজা, শৈবাল কুমার পাল দিপু, রিদওয়ানুল মাহাবুব পাশা, শেখ সোমা, তানিশা আক্তার জানিয়া ও সামিয়া আক্তার স্বর্ণা। সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আবদুল কাদির ভূইয়া হিরো, জুলহাস উদ্দিন সুজন ও হুমায়রা পারভীন পপি।

উল্লেখ্য, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নিয়মিতভাবে একাধিক সৃজনশীল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বাজুসের সিদ্ধান্তে কমল সোনা-রুপার দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
বাজুসের সিদ্ধান্তে কমল সোনা-রুপার দাম

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হবে।

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।
ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।
পাঁচ দিনের এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাসসের তথ্য অনুযায়ী, সফরে জাতিসংঘকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা ১৭ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা ১৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইব্রাহীমের বাড়ি থেকে ওই ১৭ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের মধ্যে বান্দরবানের লামা উপজেলার সাতজন এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি মানবপাচারকারী চক্র তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য ওই বাড়িতে জড়ো করেছিল।
উদ্ধার ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে এসআরবি-১৫।