শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বিন্নাটীতে বিএনপি নেতার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিন্নাটীতে বিএনপি নেতার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের কামালিয়ারচর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) কামালিয়ারচর বিশ্বরোড জামে মসজিদ প্রাঙ্গণে বিন্নাটী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল, বিন্নাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোল্লা, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক সবুর খান এবং বিএনপি নেতা জিল্লুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিন্নাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম ধনু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, সদর উপজেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আবু হানিফ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দুলাল মিয়া, সদর থানা বিএনপি নেতা জিল্লুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ছাত্রনেতা শুভ মোল্লা, বিন্নাটী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রবিউল্লাহ, আইনজীবী সহকারী আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইফতারের আগে কামালিয়ারচর বিশ্বরোড জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল কাদির দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুম আব্দুর রশিদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


হোসেনপুরে চুরি যাওয়া ট্রাক্টর সুনামগঞ্জ থেকে উদ্ধার, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
হোসেনপুরে চুরি যাওয়া ট্রাক্টর সুনামগঞ্জ থেকে উদ্ধার, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ

অবশেষে সন্ধান মিলল হোসেনপুর পৌরসভা ভবনের সামনে থেকে চুরি যাওয়া সেই আলোচিত আইশার ট্রাক্টরের। কিশোরগঞ্জের হোসেনপুর থেকে চুরি হওয়ার প্রায় এক সপ্তাহ পর সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার করেছে পুলিশ।

গত ২৩ এপ্রিল ২০২৬ রাতে হোসেনপুর পৌর ভবনের পূর্ব দিকে শহীদ মিনার সংলগ্ন ফাঁকা জায়গা থেকে ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের আইশার ট্রাক্টরটি চুরি হয়। এ ঘটনায় ট্রাক্টরের মালিক মোঃ কামরুজ্জামান কাঞ্চন হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর পুলিশ ও সাংবাদিকদের তৎপরতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ মে) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাক্টরটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

ট্রাক্টর ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিক মোঃ কামরুজ্জামান কাঞ্চন বলেন, “আলহামদুলিল্লাহ। প্রথমে মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এলাকাবাসীর দোয়া, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার ভাই-বন্ধু এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমার ট্রাক্টরটি পাওয়া গেছে। আমি সকলের প্রতি এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি।”

তিনি আরও বলেন, চুরির ঘটনার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। পত্রিকায় নিউজ হওয়ার পর পুলিশ আরও তৎপর হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ আমার সম্পদ ফিরে পেলাম।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, চুরি যাওয়া ট্রাক্টরটি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে উদ্ধার করা হয়েছে। চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আন্তঃজেলা চোরচক্রের কাজ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পৌর ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে থেকে ট্রাক্টর চুরির ঘটনায় হোসেনপুর পৌরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। দ্রুত সময়ের মধ্যে ট্রাক্টরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল “প্রশাসনের নাকের ডগায় ট্রাক্টর চুরি, উদ্বেগ হোসেনপুর পৌরবাসীর” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’

সারা দেশে একযোগে মেধা অন্বেষণের মহাপরিকল্পনা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধনের অংশ হিসেবে কিশোরগঞ্জেও অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার সূচনা হয়েছে। গতকাল শনিবার (২ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করার পর কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ের আয়োজনের যাত্রা শুরু হয়।
সুস্থ বিনোদন এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট জালালউদ্দিন এবং সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।
আশির দশকের জনপ্রিয় মেধা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য আয়োজিত এই কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্সসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই যুগান্তকারী আয়োজন তরুণদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি দক্ষ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে সহায়তা করবে।
মাঠজুড়ে দর্শকদের করতালি আর বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এই ক্রীড়া উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ‘তৃণমূল থেকে বিশ্বমঞ্চ’ ভিশন বাস্তবায়নে কিশোরগঞ্জের এই সুপ্ত প্রতিভাদের রাষ্ট্রীয়ভাবে বিকাশের সব ধরনের সুযোগ নিশ্চিত করা হবে।

কটিয়াদীতে হাওরে নৌকা ডুবিতে প্রাণ গেল ধান কাটা শ্রমিকের

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
কটিয়াদীতে হাওরে নৌকা ডুবিতে প্রাণ গেল ধান কাটা শ্রমিকের

কিশোরগঞ্জের কটিয়াদীতে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবিতে আরিফুল ইসলাম কালুমিয়া (২০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের রৌয়ার বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার সন্ন্যাসীচর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিনের কাজ শেষে ধান বোঝাই নৌকায় করে ফিরছিলেন আরিফুল ও তার সহকর্মী জসিম। পথে হঠাৎ নৌকাটি ডুবে গেলে জসিম সাঁতরে তীরে উঠতে পারলেও আরিফুল পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ডুবুরিদের সহায়তায় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়।
চান্দপুরের সেকেরপাড়া গ্রামের বাসিন্দা ইসমাঈল হোসেন বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে ফেরার পথেই এমন দুর্ঘটনা—এটা খুবই হৃদয়বিদারক।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
হাওরজুড়ে ধান কাটার মৌসুমে এমন দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আরিফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।