পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি রিটন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ২২টি মামলার আসামি মো. রিটন (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রিটন পাকুন্দিয়া উপজেলার চালিয়াগোপ গ্রামের মো. মুরশীদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, কটিয়াদী, করিমগঞ্জ, বাজিতপুর, গাজীপুরের কাপাসিয়া, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা এবং টাঙ্গাইলের ধনবাড়ি থানাসহ বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের হয়েছে।
এসব মামলার মধ্যে রয়েছে মোটরসাইকেল চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দণ্ডবিধির বিভিন্ন ধারা, বিশেষ ক্ষমতা আইন এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনের আওতায় অভিযোগ। কয়েকটি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল হয়েছে এবং একাধিক মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বলেন, “বুধবার গভীর রাতে বাজিতপুর থানা পুলিশের সহায়তায় পাকুন্দিয়া থানার একটি দল অভিযান চালিয়ে ২২ মামলার আসামি রিটনকে গ্রেপ্তার করে।”
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মোটরসাইকেল চুরিসহ মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




