কটিয়াদীতে ট্রাকের চাপায় গরুসহ যুবকের মৃত্যু, আহত ২
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় গরুসহ এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কর কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নর জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া (২৬) আচমিতা ইউনিয়নের দক্ষিণ আচমিতা গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে। আহতরা হলেন মতি মিয়া (৪৫) ও বাবুল (৫৫)। সম্পর্কে তারা আপন ভাই। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় সড়কের উঁচু অংশে পৌঁছে হঠাৎ কোনো সংকেত না দিয়ে পাশ পরিবর্তন করে। এতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি সড়কের পাশে থাকা ইমন মিয়া ও তার সঙ্গে থাকা একটি গরুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গরুসহ ইমন মিয়ার মৃত্যু হয়।
এ সময় গরু বিক্রির উদ্দেশ্যে বাজারে যাওয়ার পথে থাকা দুই ভাই ট্রাকের ধাক্কায় আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম জানান, ট্রাকের ধাক্কায় গরুসহ একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







