হোসেনপুরে জুয়া ও মাদকবিরোধী র্যালি-বিক্ষোভ, যুবসমাজকে রক্ষার আহ্বান
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জুয়া ও মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে এই সামাজিক ব্যাধি থেকে রক্ষার দাবিতে র্যালি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাকচান্দা কালীবাজার সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী, সচেতন যুবসমাজ এবং উত্তর গোবিন্দপুর জুয়া ও মাদক নির্মূল সংগ্রাম পরিষদের সদস্যরা।
“মাদককে না বলুন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের অভিশাপ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালিটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালি শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, উত্তর গোবিন্দপুর গ্রামের অলিগলিতে জুয়া ও মাদকের অপব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। তারা দ্রুত এই সমস্যা নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন উত্তর গোবিন্দপুর জুয়া ও মাদক নির্মূল সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন মাস্টার, আহ্বায়ক ইমাম উদ্দিন, মাওলানা আনিসুর রহমান তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, জান্নাতুল নাঈম খান, ইউপি সদস্য চান মিয়া, সুমন মিয়া, মাসুদ রানা, নাঈম, মাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুব প্রতিনিধিরা।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, “জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এটি একটি সামাজিক ব্যাধি। জুয়া ও মাদক সম্পূর্ণ নির্মূল করাই আমাদের লক্ষ্য। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”




