ভৈরবে ট্রাক-ভ্যান সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পৌর শহরের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় দেশের পটুয়ার নামের জুতার কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত পিকআপ চালকের নাম মো. মিরাজ (৪১)। তিনি ঢাকা যাত্রাবাড়ী থানার দনিয়ার দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে।
ভৈরব হাইওয়ে থানার এসআই মো. রোকনুজ্জামান জানান, ভোরে পৌর শহরের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো ট ২২-৭৬৬১) কুলিয়ারচর থেকে আসা ঢাকাগামী মাছ বহনকারী পিকআপ (রেজি: ঢাকা মেট্রো ন ২৩-১২০১) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ চালক মিরাজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডা. ইসরাত জাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ট্রাক চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনা কবলিত পিকআপ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের মা রাবিয়া আক্তার নাছিমা হাইওয়ে থানায় ট্রাক চালককে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”




