ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে ইজিবাইক চালক খুন; গ্রেপ্তার ২
ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন মিয়া (৫৫) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কর্মা গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (৪ অক্টোবর) নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন—সোহাগ মিয়া (২৫) ও জোসনা আক্তার বেলি (৩৫)।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম, বাদল, মঞ্জু, মোসলেম, একলাস, রাসেল, হানিফ, সাকিবসহ প্রায় ১৫ জন সংঘবদ্ধ হয়ে খোকন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের ঘরবাড়ি তালাবদ্ধ। ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ রয়েছে।
ওসি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।







