বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

করিমগঞ্জে গভীর রাতে পেট্রোল ঢেলে পিকআপে আগুন

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
করিমগঞ্জে গভীর রাতে পেট্রোল ঢেলে পিকআপে আগুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে পার্ক করে রাখা একটি জেক পিকআপে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গাড়িটির ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গাড়ির মালিক।

অভিযোগ সূত্রে জানা যায়, করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের কিরাটন গাংপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহীন ইসলাম (৩৫) জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন জেক পিকআপটি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১৩-৬৬৯০) নিজ বাড়ির সামনে কবরস্থানসংলগ্ন একটি কাঁচা রাস্তায় পার্ক করে রেখেছিলেন। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির লোকজনের ডাক-চিৎকারে ঘুম ভাঙলে তিনি বাইরে এসে গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।

এ সময় স্থানীয় বাসিন্দা মো. সুমন (২৮), মো. ইসমাইল (২৭), আতিবুর মিয়াসহ (৩৬) আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গাড়িটির ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়। এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক শাহীন ইসলাম জানান, পিকআপটি ভাড়ায় চালিয়ে তিনি কোনোমতে সংসার চালাতেন। এটি ছিল তাঁর পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। গাড়িটি পুড়ে যাওয়ায় তিনি এখন চরম আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় তিনি করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার নিন্দা জানিয়ে কিরাটন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাকুন্দিয়ায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে খালে মাইক্রোবাস, উদ্ধার ৭

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে খালে মাইক্রোবাস, উদ্ধার ৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি মাইক্রোবাস। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুখিয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসটি সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা হঠাৎ সড়কের মাঝখানে চলে আসে। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি খালে উল্টে পড়ে যায়।

মাইক্রোবাসে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটিতে নারী ও শিশুসহ মোট সাতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাল থেকে উদ্ধারে ঘটনাস্থলে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ইঞ্জিন বিকল হয়ে স্টেশনে তিন ঘনটা ধরে আটকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
ইঞ্জিন বিকল হয়ে স্টেশনে তিন ঘনটা ধরে আটকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস

ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রায় তিন ঘণ্টা ধরে আটকে রয়েছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেনটির যাত্রা শুরুর কথা থাকলেও সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তা সম্ভব হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা। পাশাপাশি ট্রেনটির শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময় বিকেল ৪টায় ট্রেনটির ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে।

স্টেশন মাস্টার আরও জানান, আখাউড়া থেকে একটি সচল ইঞ্জিন কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে। ইঞ্জিনটি স্টেশনে পৌঁছালে সেটি সংযুক্ত করে ট্রেনটির যাত্রা শুরু করা হবে।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন ছাড়তে না পারায় যাত্রীদের দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। ইঞ্জিনের ত্রুটি মেরামত বা বিকল্প ইঞ্জিন সংযুক্ত করতে দেরি হলে ট্রেনটির পরবর্তী যাত্রাসূচিতেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিশোরগঞ্জে উল্লাস ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে উল্লাস ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন

শিশুদের নির্মল আনন্দ, সুস্থ বিনোদন ও সৃজনশীল বিকাশের উপযোগী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত উল্লাস ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সুস্থ বিনোদনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের মাধ্যমে পার্কটি শিশুদের জন্য আরও নিরাপদ, আকর্ষণীয় ও মনোরম বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আধুনিকায়ন কার্যক্রমের মাধ্যমে পার্কটিকে আরও দৃষ্টিনন্দন ও দর্শনার্থীবান্ধব করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে শিশুদের বিনোদনের পাশাপাশি সব বয়সী মানুষের অবসর কাটানো ও স্বস্তির পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রকল্পসংশ্লিষ্টদের পরিকল্পনায় পার্কের সৌন্দর্য বাড়াতে উন্নত রাইড, দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং ও আলোকসজ্জার ব্যবস্থা রাখার কথা রয়েছে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ধরে রাখতে বিভিন্ন প্রজাতির ফুল ও শোভাবর্ধনকারী গাছ লাগানো, দর্শনার্থীদের বসার জন্য ছাউনিযুক্ত স্থান, হাঁটার পথ এবং শিশুদের জন্য বিশেষ গেমিং জোন তৈরির পরিকল্পনাও রয়েছে। তবে এসব সুবিধা বাস্তবায়নের অগ্রগতি ও সমাপ্তির সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম পার্কটির সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, উল্লাস ডিসি পার্কের আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হলে এটি কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকার মানুষের বিনোদনের একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হতে পারে। শহরের ব্যস্ততার মধ্যে সবুজ ও মনোরম পরিবেশে অবসর কাটানোর সুযোগ তৈরি হলে শিশুদের পাশাপাশি পরিবারগুলোরও উপকার হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা।

শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পার্কটিকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।