সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুব গ্রেপ্তার
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পুলিশের হাতে ধরা পড়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর হামলা, সাভার-আশুলিয়া অঞ্চলে গুলি চালিয়ে হত্যাকাণ্ডে অংশগ্রহণ এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া।
গ্রেপ্তার আকাশ হোসেন যুব (২৬) ঢাকার নবাবগঞ্জ থানার উত্তর বালুরখন্দ এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৪ নম্বর সহসভাপতি ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সাভার-আশুলিয়া অঞ্চলে আন্দোলনকারীদের গুলি করে হত্যা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে।
জিজ্ঞাসাবাদে আকাশ হোসেন যুব বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে প্রফেশনাল ভাড়াটে অপরাধীদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় জড়িত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হামলা, হত্যাকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।







