বগির কয়েকটি সিট পুড়ে গেছে
ময়মনসিংহে লোকাল ট্রেনে নাশকতার চেষ্টা
ময়মনসিংহে দুর্বৃত্তদের আগুনে ট্রেনের পুড়ে যাওয়া সিট
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বাঘমারা রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ধোয়ামোছার জন্য ট্রেনের কোচগুলো ওয়াশপিটে রাখা ছিল। ওই সময় দুর্বৃত্তরা হঠাৎ বগিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে দ্রুত ছুটে আসে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তারা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ট্রেনের ২৭ থেকে ৩২ নম্বর সিট পুড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, আগুন লাগার পরও সকাল ৬টায় ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।







