বাজিতপুরে চেয়ারম্যান অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের চেয়ারম্যান তাবারক মিয়ার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মাইজচর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মো. কাইয়ুমের পরিচালনায় বক্তব্য রাখেন দন মিয়া মেম্বার, এরশাদ মেম্বার, এনাম মেম্বার, আলী আকবর মেম্বার, মামুনসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভোট “চুরি করে” চেয়ারম্যান হয়েছেন তাবারক মিয়া। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, চাঁদাবাজি ও একাধিক মামলার অভিযোগ রয়েছে। বক্তাদের দাবি, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে তিনি ইউনিয়ন পরিষদে উপস্থিত নেই। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগণ ভোগান্তিতে পড়ছে। দ্রুত তাকে অপসারণ করে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।
মাইজচর ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন বলেন, “আমি আগস্ট মাসে যোগদান করেছি। যোগদানের পর থেকে চেয়ারম্যান একদিনও অফিসে আসেননি।”
এলাকাবাসীর অভিযোগ—চেয়ারম্যান অপসারণ না হলে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে না। তাই তারা দ্রুত যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়েছেন।







