ভৈরবে ২৪০ বস্তা ভারতীয় চোরাই জিরাসহ এক চোরাকারবারী আটক
কিশোরগঞ্জের ভৈরবে ২৪০ বস্তা ভারতীয় চোরাই জিরাসহ মো. ইউসুফ আলী (৩৩) নামের এক চোরাকারবারীকে আটক করেছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মালবাহী ট্রাক থামানোর সংকেত দিলে চালক ইউসুফ আলী পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে ট্রাকে তল্লাশি চালিয়ে কাঠের গুঁড়া ও ধানের খোসা ভর্তি বস্তার নিচে লুকানো ২৪০ বস্তা ভারতীয় জিরা (ওজন ৭,২০০ কেজি) উদ্ধার করা হয়।
এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাক, একটি মোবাইল ফোন এবং ৪ হাজার ১৯৫ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ ৪০ হাজার টাকা।
ভৈরব ক্যাম্প কমান্ডার এএসপি নোমান আহমদ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।







