ফতুল্লায় বাউলশিল্পীর স্বামীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মধ্য নরসিংপুর এলাকা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন খলিফা (৩৫) বাউলশিল্পী সোনিয়া আক্তারের স্বামী।
সুমন বরিশালের আগৈলঝড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকার মৌচাক এলাকায় বসবাস করতেন।
সোনিয়া আক্তার জানান, রোববার তিনি স্বামীকে নিয়ে নারায়ণগঞ্জের পঞ্চবটি ট্রাকস্ট্যান্ডে যান। ট্রাক শ্রমিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে গান পরিবেশনের আয়োজন ছিল। গান চলাকালে তিনি দেখেন, তাঁর স্বামী পরিচিত মেহেদীসহ দুজনের সঙ্গে চলে যাচ্ছেন। এরপর আর তাকে খুঁজে পাননি। রাতে বাড়ি ফিরে স্বামীকে না পেয়ে তিনি ফতুল্লা থানায় অভিযোগ করেন।
এরই মধ্যে স্থানীয়রা সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সোনিয়া গিয়ে লাশ শনাক্ত করেন। তাঁর স্বামীর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত ছিল বলে জানান তিনি।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।







