আনোয়ারায় ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ সাত রোহিঙ্গা আটক
চট্টগ্রামের আনোয়ারায় নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসা শিশুসহ সাতজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সাতজনের মধ্যে একজন শিশু ও একজন কিশোর রয়েছে। অন্যরা হলেন হোসেন জেহার (১৮), আইয়ূব (২০), নূর বশর (৩২), নূর হাশিম (১৮) এবং রাশিদুল্লাহ (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সাতজনের একটি দল পারকি সমুদ্রসৈকত হয়ে ওই এলাকায় অবস্থান করছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি গ্রাম পুলিশকে জানান। পরে খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুনরায় ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।







