র্যাবের অভিযানে বিপুল মদ জব্দ, আটক তিন
শেরপুর থেকে ট্রাকে করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ বিদেশি মদ। এ ঘটনায় তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে জামালপুরে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী থানার রোড এলাকার বাসিন্দা মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) এবং মো. নুরুল আমিন (৩৪)।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শেরপুরের মোকছেদপুর নয়াপাড়া এলাকা থেকে একটি ট্রাকে করে বিদেশি মদ বকশীগঞ্জ হয়ে ঢাকার দিকে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে র্যাবের একটি দল মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার এলাকায় বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে ট্রাকটি পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিক ধাওয়া চালিয়ে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১ হাজার ৩০১ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়।
জামালপুর র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক বলেন, শেরপুরের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ট্রাকে করে ভারতীয় বিদেশি মদ রাজধানী ঢাকায় পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







