মেহেরপুরে জামায়াত নেতাসহ ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী
মেহেরপুর জেলা জামায়াতের ইসলামের আমীর মওলানা তাজ উদ্দিন খানের নিজস্ব নোহা মাইক্রো থেকে ধারালো চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন: বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের ইসলামের আমীর মাওলানা তাজ উদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম, মাইক্রো ড্রাইভার ইজারুল হক।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সব গাড়ি পরীক্ষা করা হচ্ছিল। এ সময় সাদা রঙের নোহা মাইক্রো (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) চেক করা হলে গাড়ির ভেতর থেকে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার এবং ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাস জব্দ করা হয়।
তিনি আরও জানান, গতকাল রবিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর শফিকুর রহমান মেহেরপুর সফরে আসার আগে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে সতর্ক হয়ে ওঠে।







