নিকলীতে যৌথবাহিনীর হাতে অস্ত্র ও ইয়াবাসহ মাদককারবারি আটক
কিশোরগঞ্জের নিকলীতে নিকলী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ ভোরে উপজেলার গুরুই ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মহিনুর (৪৪)। তিনি ওই এলাকার মৃত সোনাম উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মহিনুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল এবং একটি বৈদ্যুতিক সুইচ করাত উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিনুর দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার মহিনুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।







