ভৈরবে ৩৯২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কিশোরগঞ্জের ভৈরবে তিন হাজার ৯২৫ পিস ইয়াবাসহ সাহাব উদ্দিন (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ের পূর্ব পাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার অন্তর্বাস থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়সংলগ্ন সিলেট বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই ফল ভান্ডারের সামনে সড়কে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই যাত্রীর শরীর তল্লাশি করে তার অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় তিন হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন,
“আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”







