শেরপুরে পুলিশের এএসআই এর ঝুলন্ত লাশ উদ্ধার
শেরপুরে শয়নকক্ষের দরজা ভেঙে শাহীনুল ইসলাম (৪৩) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে শেরপুর পৌর শহরের গৃর্দানারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহীনুল পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি এক ছেলে সন্তানের জনক।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা প্রাথমিকভাবে জানিয়েছেন, ঘটনাটি মানসিক সমস্যার কারণে আত্মহত্যা হতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে শেরপুর সদর থানায় যোগদান করেন এএসআই শাহীনুল ইসলাম। সদর থানার সামনেই রাস্তার অপর পাশে একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে যান। শাহীনুল দুপুর দুইটার দিকে ডিউটি শেষে বাসায় ফিরলেও স্ত্রীর ফোন ধরছিলেন না। পরে স্বজনদের সঙ্গে রাতে বাড়িতে ফেরার পর শাহীনুলের কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও দরজা না খোলায় স্বজনদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে থানার পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থলে পরিদর্শন করেন।
শাহীনুলের স্ত্রী মাকসুদা বেগম জানিয়েছেন, তার স্বামীর কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি নিয়মিত মানসিক ডাক্তার দেখাতেন এবং ঔষুধ খেতেন।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তাকে দেখে কখনো মনে হয়নি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







