এক বীরোচিত যাত্রার গৌরবময় পূর্ণতা
আজকের সংবর্ধনা শুধু বিদায় নয়—
এ এক গৌরবের পতাকা, উঁচু করে ধরা হয়।
সাহসের প্রতিটি ক্ষণ জমেছে মহানতায়,
এক বীরোচিত পথচলা পূর্ণ হলো শ্রদ্ধার মঞ্চে।
এক নিষ্ঠাবান শিক্ষকের যাত্রা শেষ হলেও তাঁর রেখে যাওয়া পদচিহ্ন হয়ে রইল এক অনন্য দৃষ্টান্ত। দায়িত্ব ও কর্মনিষ্ঠার আলোয় আলোকিত এই পথচলাই পেল বিদায়ের মমতাময় পূর্ণতা।
অধ্যাপক আ.ন.ম. মুশতাকুর রহমান কিশোরগঞ্জের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান গুরুদয়াল সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন ১২ ফেব্রুয়ারি ২০২৩। যোগদানের পর থেকেই তিনি শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী সৃজনশীল উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের অগাধ ভালোবাসা অর্জন করেন। তাঁর নেতৃত্বে কলেজে পরিবহন সেবা, আইসিটি (ICT) সেল, ডে-কেয়ার সেন্টার, খেলার মাঠ নির্মাণ, মাঠের সীমানা প্রাচীর স্থাপন, সিসি ক্যামেরা স্থাপন এবং আধুনিক স্মার্ট বোর্ডনির্ভর শ্রেণীকক্ষ নির্মিত হয়। এসব উদ্যোগ গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছিল অধ্যক্ষ অধ্যাপক মুশতাকুর রহমানের পি.আর.এল-জনিত বিদায় সংবর্ধনা। গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে শিক্ষক পরিষদের আয়োজনে সারাদিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) গুরুদয়াল কলেজ প্লাটুনের কমান্ডার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে গার্ড অব অনার ও বিদায়ী প্যারেড প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষক পরিষদের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সম্মানিত শিক্ষকবৃন্দ বিদায়ী অধ্যক্ষকে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ নাজমুস সাকিব, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কলেজের সকল শিক্ষকবৃন্দ।
এ যেন এক বীরোচিত যাত্রার গৌরবময় পূর্ণতা।







