কিশোরগঞ্জের দুই সরকারি কলেজের নাম পরিবর্তন, বরিশালে একটির
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিশোরগঞ্জ জেলার দুটি সরকারি কলেজসহ বরিশালের একটি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে সম্প্রতি এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে ২৮ জুলাই ২০২৫ তারিখে জারি করা স্মারকের ভিত্তিতে এসব কলেজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী পূর্বের নাম বাতিল করে তাৎক্ষণিকভাবে পরিবর্তিত নাম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অবস্থিত জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভৈরব সরকারি মহিলা কলেজ (কলেজ কোড–৪৯১৪), ভৈরব, কিশোরগঞ্জ।
এছাড়া ইটনা উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ–এর নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে ইটনা সরকারি কলেজ (কলেজ কোড–৪৯২৬), ইটনা, কিশোরগঞ্জ।
একই প্রজ্ঞাপনে জানানো হয়, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (কলেজ কোড–১১৪০), বরিশাল।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কলেজ প্রশাসন ও দপ্তরগুলোকে নাম পরিবর্তনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং ভবিষ্যৎ সব কার্যক্রমে পরিবর্তিত নাম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।













