ভারতের দুই রাজ্যে কাশি সিরাপের কারণে ১১ শিশুর মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশি সারানোর সিরাপ খাওয়ার পর ১১ শিশুর মৃত্যুর সঙ্গে সিরাপের সম্ভাব্য সম্পর্ক শনাক্ত হওয়ায় তামিলনাড়ু সরকার সিরাপ ‘কোল্ডরিফ’-এর বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। পাশাপাশি বাজার থেকে সমস্ত স্টক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১ অক্টোবর থেকে তামিলনাড়ুতে সিরাপটির বিক্রি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে কাঞ্চিপুরম জেলার সুঙ্গুভারচাত্রামে অবস্থিত ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদন কেন্দ্রে পরিদর্শন চালানো হয়েছে এবং নমুনা সংগ্রহ করে সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানানো হয়েছে, সিরাপটিতে ‘ডাইথাইলিন গ্লাইকল’ নামক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। কোম্পানিটি রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে এই ওষুধ সরবরাহ করে থাকে।
মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশুমৃত্যুর পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরামর্শ জারি করেছে। এতে বলা হয়েছে, দুই বছরের কম বয়সী শিশুদের জন্য কাশি ও সর্দি সারানোর ওষুধ প্রেসক্রাইব করা যাবে না।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কমল নাথ অভিযোগ করেছেন, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় ৭ সেপ্টেম্বর থেকে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর পেছনে সিরাপে ‘ব্রেক অয়েল সলভেন্ট’ মেশানোর বিষয়টি দায়ী।
মধ্যপ্রদেশে এই ঘটনায় এখন পর্যন্ত ৯ শিশুর মৃত্যু ঘটেছে, আর রাজস্থানে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।







