রবিবার, ১ মার্চ ২০২৬, ১৮ ১৪৩২
রবিবার, ১ মার্চ ২০২৬, ১৮ ১৪৩২

ধনী বিদেশিদের দ্রুত ভিসা দেবে যুক্তরাষ্ট্র: চালু হলো ‘ট্রাম্প গোল্ড কার্ড’

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ধনী বিদেশিদের দ্রুত ভিসা দেবে যুক্তরাষ্ট্র: চালু হলো ‘ট্রাম্প গোল্ড কার্ড’

যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১০ লাখ ডলার বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্বের সরাসরি পথ খুলে দিতে নতুন একটি ভিসা প্রকল্প চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামের এই ভিসা দ্রুততম সময়ে দক্ষ ও সম্পদশালী ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগ সৃষ্টি করবে। ট্রাম্প বলেন, “খুবই এক্সাইটিং! আমাদের আমেরিকান কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য প্রতিভাদের ধরে রাখতে পারবে।”

প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এটি এমন বিদেশিদের দেওয়া হবে যারা যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ সুবিধা দিতে সক্ষম বলে প্রমাণ করতে পারবেন। ভিসা পেতে দরকার হবে কমপক্ষে ১ মিলিয়ন (১০ লাখ) ডলার। এ কার্ড যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় বসবাসের প্রতিশ্রুতি দেয়। আবেদন প্রক্রিয়া শুরুর আগেই দিতে হবে ১৫ হাজার ডলার অ-ফেরতযোগ্য ফি। আবেদনকারীর প্রোফাইল অনুযায়ী সরকার অতিরিক্ত ফিও নিতে পারে। ব্যবসাপ্রতিষ্ঠান যদি কর্মী স্পন্সর করে, তবে তাদের দিতে হবে ২ মিলিয়ন ডলার।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, শিগগিরই চালু হচ্ছে ‘প্লাটিনাম গোল্ড কার্ড’, যার মূল্য হবে ৫ মিলিয়ন ডলার। এর আওতায় বিশেষ কর-সুবিধাও থাকবে।

কার্ডটি ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে পড়ে। ডেমোক্র্যাটদের ভাষ্য, “এ প্রকল্প ধনীদের জন্য বিশেষ সুবিধার দরজা খুলে দিচ্ছে।” ট্রাম্প অবশ্য বলেছেন, এটি মূলত ‘উচ্চমানের উৎপাদনশীল পেশাজীবীদের’ লক্ষ্য করে তৈরি। গ্রিন কার্ডের তুলনায় অনেক দ্রুত নাগরিকত্বের পথ তৈরি করবে এই স্কিম।

এই ঘোষণা এসেছে এমন সময়ে যখন অননুমোদিত অভিবাসীদের বহিষ্কার জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত রয়েছে। আশ্রয় (অ্যাসাইলাম) আবেদন পর্যালোচনা বন্ধ রয়েছে। এছাড়া এইচ-১বি ভিসার নতুন আবেদনকারীদের জন্য ১ লাখ ডলার পর্যন্ত ফি প্রস্তাব করেছে প্রশাসন।

ট্রাম্প বলেন, “যারা ৫০ লাখ ডলার দিতে পারবে, তারা নিজেদের জন্যও কর্মসংস্থান তৈরি করতে পারবে। এটি দারুণ একটি ব্যবসায়িক সুযোগ।” তিনি আরও ইঙ্গিত দেন, বহু সংখ্যক গোল্ড কার্ড বিক্রি হলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমাতে সাহায্য করবে।

বর্তমান ভিসা পরিস্থিতি অনুযায়ী, ইবি-৫ ভিসার সংখ্যায় সীমাবদ্ধতা রয়েছে। গ্রিন কার্ডধারীদের নাগরিকত্ব পেতে সাধারণত ৫ বছর সময় লাগে, তবে গোল্ড কার্ডের মাধ্যমে এটি আরও কম সময়ে সম্ভব। ২০০৪ সাল থেকে এইচ-১বি ভিসার বার্ষিক সংখ্যা ৮৫ হাজারে সীমাবদ্ধ। ইউএসসিআইএস তথ্য অনুযায়ী, নতুন অর্থবছরের জন্য এই ভিসার আবেদন নেমে এসেছে ৩ লাখ ৫৯ হাজারে, যা গত চার বছরে সর্বনিম্ন।

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে মৎস্যজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মৎস্যজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নরসুন্দা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা নদী হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ জেলায় মূল নরসুন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৩০ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার)। একসময় কিশোরগঞ্জ শহরের প্রধান আকর্ষণ ছিল এই নদী; অদ্যাবধি এটি শহরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।

দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ স্থাপনায় সংকুচিত হয়ে পড়া নরসুন্দা নদী পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা শহরের নদীর দখলকৃত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি মাজহারুল ইসলাম বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করা গুরুতর অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নদীর জমি ভরাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে দখলকারীদের চিহ্নিত করে তাদের অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি নদীর সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রস্তুত এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহল নদীর তীর ভরাট করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করেছে। এতে বর্ষা মৌসুমে পানিপ্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী একসময় ছিল নাব্য ও প্রশস্ত। দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনার ফলে বর্তমানে নদীর প্রস্থ ও গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নদী পুনরুদ্ধারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।