মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৭ ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৭ ১৪৩২

নেতানিয়াহু কি সত্যিই নিহত বা আহত?

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নেতানিয়াহু কি সত্যিই নিহত বা আহত?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সোমবার (৯ মার্চ) সর্বপ্রথম এমন জল্পনা ছড়িয়ে দেয়।

তবে ফার্সি ভাষার এই সংবাদমাধ্যমটি প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলা বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করেনি। এর পরিবর্তে তাসনিম নিউজ এজেন্সি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় হাজির করেছে।

এসব বিষয়ের মধ্যে রয়েছে: কয়েক দিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশ না হওয়া; ইসরায়েলি গণমাধ্যমে নেতানিয়াহুর বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন; জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত। সেইসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি বিবরণ, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তাসনিম নিউজ রাশিয়ান গণমাধ্যমের বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্স-পোস্টের দাবি ছাড়া আর কোনো প্রমাণ হাজির করেনি।

সোমবার এক্সে স্কট রিটারের নামে করা পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।

তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা—এখনো নিশ্চিত নয়। ইসরায়েলি কর্তৃপক্ষ এসব খবরকে যুদ্ধকালীন ‘অপপ্রচার’ বা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বলে উড়িয়ে দিয়েছে।

এর আগে গত ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম দাবি করে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়েছে এবং নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরবর্তী সময়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য গুজব।

তাসনিম নিজেও প্রতিবেদনে উল্লেখ করেছে, নেতানিয়াহু নিহত বা আহত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিতকরণ বা অস্বীকৃতি পাওয়া যায়নি।

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কটিয়াদীর বাচ্চুর পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কটিয়াদীর বাচ্চুর পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন।

মঙ্গলবার(১০ মার্চ) দুপুরে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া শ্যামল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল আলম সবুজ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মাধ্যমে নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছেন। বাচ্চু মিয়ার মরদেহ দেশে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং বিদেশ থেকে ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা করা হবে। তিনি বলেন, প্রবাসে কর্মরত অবস্থায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকার সব সময় প্রবাসী ও তাদের পরিবারের পাশে রয়েছে।

নিহত বাচ্চু মিয়ার পরিবার প্রধানমন্ত্রীর সহানুভূতি ও আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়লেও প্রধানমন্ত্রীর এই সহায়তা তাদের কিছুটা হলেও সান্ত্বনা ও সাহস জুগিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের নিকটবর্তী আল খারিজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় কটিয়াদীর প্রবাসী বাচ্চু মিয়া (৩৬) নিহত হন। রোববার ইফতারের আগে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে হামলায় বাচ্চু মিয়াসহ কয়েকজন শ্রমিক নিহত হন।

ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১০ মার্চ) সকালে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তুলাকান্দি গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কার্ড বিতরণ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হলো। পর্যায়ক্রমে কৃষি কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে দেশের মানুষের সেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সরকার গঠনের ২১ দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাস থেকে কৃষি কার্ড বিতরণ এবং খালকাটা কর্মসূচি শুরু হবে বলেও তিনি জানান।

এর আগে সকাল ১১টায় ঢাকা থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি সারাদেশের ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ৩৭ হাজার ৫৬৭ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ পাইলট প্রকল্পের আওতায় ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের একটি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং শিমুলকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আল-আমিন প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ১,০১০ জন দরিদ্র পরিবারের মধ্যে প্রতীকীভাবে পাঁচটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

নেতানিয়াহু কি সত্যিই নিহত বা আহত?

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ