কটিয়াদীতে নারীদের মাঝে সেলাই মেশিন, এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আয়বর্ধক কার্যক্রমে নারীদের ক্ষমতায়ন এবং এতিম ও দুস্থদের সহায়তায় একটি সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা হলরুমে দাতা সংস্থা “আমাল আল শলিহা (অস্ট্রেলিয়া) বহু-খাতীয় প্রকল্প” এর আওতায় মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান) ও স্থানীয় সহযোগী সংস্থা সাদকায়ে যারিয়াহ এর উদ্যোগে নারীদের মাঝে ১২টি সেলাই মেশিন এবং এক হাজার এতিম ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক সেবাদানকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং সাদকায়ে যারিয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাকির মোল্লা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কাজ আর কিছু নেই। সরকারের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সমাজিক উন্নয়নমূলক সংগঠন সমাজকে আরও মানবিক ও উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে।” তিনি আরও বলেন, নারীরা সেলাই মেশিনের মাধ্যমে পারিবারিকভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন, যা তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করবে।
অনুষ্ঠান শেষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারী নারী ও শিশুদের মুখে হাসি ফুটে ওঠে এবং স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেন।




