মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২০ ১৪৩২
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২০ ১৪৩২

কটিয়াদীতে নিজের নামে মাদরাসার অনুষ্ঠানে দাওয়াত পায়নি প্রতিষ্ঠাতা!

মোঃ জজ মিয়া প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে নিজের নামে মাদরাসার অনুষ্ঠানে দাওয়াত পায়নি প্রতিষ্ঠাতা!

কটিয়াদিী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামে আলহাজ্ব এম এ আব্দুল মান্নান মহিলা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়নের জামায়াত নেতারা দাওয়াত পেলেও পায়নি খোদ প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এম এ মান্নান। দাওয়াত না পেয়েও অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করে মাদরাসাটির সুপারিনটেন্ট মো. গোলাম মোস্তফার নামে তুলেন নানা অভিযোগ।

এসময় স্থানীয় অনেক অভিভাবককেও দাওয়াত না পাওয়ার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। দাওয়াতপত্রের মাধ্যমে মূলত দাওয়াত দেওয়া হয় সবাইকে।  ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে অভিভাবক সমাবেশটি অনুষ্ঠিত হয় মাদাসাটির হলরুমে।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহমুদুল হাসান ও জামায়াত মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়লসহ ইউনিয়ন জামায়াতের সভাপতিকে দেখা যায় বক্তব্য দিতে।

প্রতিষ্ঠাতা অভিযোগ করে বলেন, “১১ বছর আগে বহিষ্কার করা হয় সুপার গোলাম মোস্তফাকে। ১১ টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে ২০১৪ সালে প্রাথমিক বহিষ্কার করা হলেও সন্তোষজনক জবাব দিতে না পারায় ২০১৭ সালে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়।”

তিনি আরো বলেন, “তৎকালীন সময়ে শিক্ষকরা এই সুপারকে বহিষ্কার করার জন্য অনাস্থাপত্র জমা দেয় কমিটির কাছে।”

প্রতিষ্ঠাতা এম এ মান্নান অভিযোগ করে বলেন, “সম্প্রতি এই বহিষ্কৃত সুপার স্থানীয় জামায়াতের নেতাদের যোগসাজশে প্রতিষ্ঠানটিতে একরকম জোর করেই প্রবেশ করে। এতে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করলেও থেম নেই তার কার্যক্রম।”

জানা যায়, মাদরাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। এম এ মান্নান নিজের জায়গায় নিজের নামে সম্পূর্ণ নিজ খরচায় ১২ বছর প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ২০১০ সালের দিকে তার প্রচেষ্টায় এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি।

তিনি আরো বলেন, “বহিষ্কৃত সুপার বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি চলমান রয়েছে। ১১ বছর ধরেই তিনি প্রতিষ্ঠানে আসেননি। হঠাৎ করে সরকার পরিবর্তনের পর জামায়াতের লোকজন নিয়ে মাদরাসায় জোর করে প্রবেশ করে।”

সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ঠিকমতো মাদরাসায় না আসা, অভিভাবকদের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নেওয়াসহ নানা অভিযোগ তুলেন এই প্রতিষ্ঠাতা।

এ নিয়ে সুপার গোলাম মোস্তফা দাবি করেন সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় ইউএনও মো: মাঈদুল ইসলামের অনুমতি নিয়েই তিনি মাদরাসার কার্যক্রমে অংশ গ্রহণ করছেন। তিনি বৈধ সুপার বলেও দাবি করেন।

স্থানীয় অভিভাবক ও লোকজনের ভাষ্য, একজন বহিষ্কৃত বিতর্কিত ব্যক্তিকে সুপার হিসেবে তারা দেখতে চান না।

এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সুপারের পক্ষে বিপক্ষে দুটি গ্রুপকে সক্রিয় দেখা গেছে। স্থানীয়রা দাবি করেন সুপারের যোগদান নিয়ে বড় ধরণের সংঘাত হতে পারে এলাকায়।

প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এম এ মান্নান তার নিজের নামেই এ মাদরাসটি প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি এলাকায় বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মাদারাসা গেইটের সামনেই তার নিজস্ব অফিসে কথা হয় সংবাদকর্মীদের।

 তিনি বলেন, “মহিলা দাখিল মাদরাসাটি প্রতিষ্ঠিত করেছি এলাকার কল্যাণে। সুপার নিয়ে যেনো কোনো দ্বন্ধের সৃষ্টি না হয়। বহিষ্কৃত ও বিতর্কিত ব্যক্তিকে বাদ দিয়ে নতুন কাউকে সুপার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি ও স্থানীয়রা।”

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের ঘরবাড়ি ও পশু পুড়ে ছাই, ক্ষতি লক্ষাধিক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের ঘরবাড়ি ও পশু পুড়ে ছাই, ক্ষতি লক্ষাধিক

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র পরিবারের বসতঘর ও গৃহপালিত পশু পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগীমোহাম্মদ খাইরুল ইসলাম জানান—ভোররাতে সেহরি খেয়ে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ আগুনের তাপ ও ধোঁয়া টের পেয়ে ঘুম থেকে জেগে দেখেন ঘরের ভেতরে আগুন জ্বলছে। তাঁর ধারণা, ঘরের ভেতরে অটোরিকশা চার্জে সংযুক্ত ছিল; সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরে থাকা একটি ছাগল পুড়ে মারা যায় এবং আরেকটি ছাগল গুরুতর দগ্ধ হয়। এছাড়া একটি রিকশা ও একটি সাইকেলও আগুনে পুড়ে যায়।

খাইরুল ইসলাম বলেন, “আমি একজন রিকশাচালক। কষ্ট করে মা, স্ত্রী ও সন্তান নিয়ে সংসার চালাই। আমার স্ত্রী ছাগল পালন করে বছরে কিছু আয় করতেন। তিলে তিলে টাকা জমিয়ে ঘরটি নির্মাণ করেছিলাম। আজ সব শেষ হয়ে গেছে।” তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেন, যাতে পুনরায় ঘরটি নির্মাণ করতে পারেন।

এলাকাবাসী জানান, সেহরি খেয়ে ঘুমিয়ে ছিলেন তারা। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখেন আগুন দাউদাউ করে জ্বলছে। দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন উজ্জ্বল বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ঘর, দুটি ছাগল, একটি সাইকেল ও একটি রিকশার অধিকাংশ অংশ পুড়ে যাওয়ার সত্যতা পাওয়া গেছে। আগুনের সূত্রপাত বিদ্যুৎ সংযোগ থেকে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে এবং প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।


কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে

কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) গভীর রাতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ওই গৃহবধূর নাম উম্মে সিজ্জিল ইফতি (২২)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিচমতকচুরি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ জানিয়েছে, ইফতি স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ শহরের আলোরমেলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর স্বামী মুমতাজ মুকুল নান্দাইল উপজেলার মুশুল্লি কলেজের প্রভাষক। তিনি মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও। মুকুলের দুই স্ত্রী। বড় স্ত্রী তাদের তিন সন্তান নিয়ে শহরের গাইটাল এলাকায় জনতা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি নান্দাইল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, ছোট স্ত্রী ইফতির সঙ্গেই প্রভাষক মুকুল বেশি থাকতেন। তবে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রবিবার রাতে স্থানীয়রা তাদের ঝগড়া শুনেছেন। গভীর রাতে প্রতিবেশীরা জানালায় দড়িতে ঝুলতে দেখেন ইফতিকে। তখন পুলিশে খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে বাসা থেকে ইফতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় তাঁর স্বামী বাসায় ছিলেন না।

সোমবার (২ মার্চ) জিজ্ঞাসাবাদের জন্য ইফতির স্বামী মুকুলকে পুলিশ তাদের জিম্মায় নিয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে ইফতি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তারা সব বিষয় মাথায় রেখে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনো এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ইফতির স্বামী প্রভাষক মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

হোসেনপুর পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
হোসেনপুর পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। রোববার (২ মার্চ) দুপুরে হোসেনপুর পৌর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসীন মাসনাদের নেতৃত্বে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে পৌর বাজারের কাপড় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে মূল্যতালিকা যাচাই করা হয়। পণ্য ন্যায্যমূল্যে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সড়কের ওপর স্থাপিত অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসন নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। শহরের মূল পয়েন্টগুলোতে যানজট এড়াতে চারটি প্রবেশমুখ দিয়ে শহরের ভেতরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সদস্যরা। তাদের সহযোগিতায় শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কমতে শুরু করেছে বলে জানায় প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ বলেন, “সাধারণ মানুষের ভোগান্তি কমানো ও বাজারব্যবস্থা স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ফুটপাত দখল ও যানজট নিরসনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। বিএনসিসি সদস্যরা প্রশংসনীয়ভাবে সহযোগিতা করছেন।”

পৌর এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তা স্থায়ীভাবে কার্যকর রাখার দাবি জানিয়েছেন।