শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’- হোসেনপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’- হোসেনপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকেরা অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বক্তব্যে তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নিসচা হোসেনপুর উপজেলা শাখার সদস্যসচিব ও সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচার সদস্য সাংবাদিক মাহফুজ রাজা, উপজেলা শাখার সদস্য ও সাংবাদিক খায়রুল ইসলাম এবং ওমর ফারুক খান জনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সদস্য কবি হাদিউল ইসলাম, সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, সাগর মিয়া, এস এম রিফাত, এস কে শাহীন নবাব, রিফাত মিয়া, ফরিদা পারভিনসহ বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকিল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। অসতর্কতা, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং যানবাহন চালানোর ক্ষেত্রে দায়িত্বহীনতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি বহু পরিবার আর্থিক ও মানসিক সংকটের মুখে পড়ছে। তাই সড়ক নিরাপদ করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়। চালক, যাত্রী, পথচারী, পরিবহনমালিক ও সাধারণ নাগরিক—সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করা জরুরি।

বক্তারা বলেন, যাত্রীদেরও চলন্ত গাড়িতে সতর্ক থাকতে হবে এবং পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার হতে হবে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, গাড়িচালকদের নিরাপদ দূরত্ব বজায় রাখা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং সড়কে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী মানুষের নিরাপদে সড়ক পারাপারে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তাঁদের মতে, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারলে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। শুধু দিবস পালন করেই নিরাপদ সড়ক নিশ্চিত করা যাবে না; বরং সড়ক নিরাপত্তার বিষয়টি প্রতিদিনের জীবনে চর্চা করতে হবে। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগেও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন। পরে সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এসব লিফলেটে ট্রাফিক আইন মেনে চলা, সতর্কতার সঙ্গে সড়ক ব্যবহার এবং দুর্ঘটনা প্রতিরোধে ব্যক্তিগত দায়িত্ব পালনের বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

নিসচা হোসেনপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, সড়ক দুর্ঘটনা কমিয়ে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তাঁদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, প্রতিটি জীবনই মূল্যবান। সামান্য অসতর্কতা যেন কোনো পরিবারের শোকের কারণ না হয়, সে জন্য সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক থাকতে হবে এবং আইন মেনে চলতে হবে। সম্মিলিত সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই হোসেনপুরসহ সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

নিকলীতে বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
নিকলীতে বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক মানুষ। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে বর ও কনেও রয়েছেন। গত শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল শুক্রবার। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে বিকেলে বরপক্ষের আমন্ত্রিত অতিথিরা খাবার খান। এর কিছুক্ষণ পরই অতিথিদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থ ব্যক্তিরা একে একে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে থাকেন।

অসুস্থদের মধ্যে কিরণ, আকাশ, রুবেল ও তুষারসহ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে কিরণ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পল্লিচিকিৎসক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, শুক্রবার তাঁর বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের অতিথিরা খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীন ও তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বরপক্ষের আত্মীয় ও সিংপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়া। তিনি জানান, অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি বলে তাঁর ধারণা। ওই খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়ে থাকতে পারেন। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাতভর একে একে তাঁদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ভাগলপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ রোগীদের নিয়মিত চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে হাসপাতালে শয্যাসংকট থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

এদিকে, নিহত কিরণের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ।

কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

মাইনুল হক মেনু প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলতে গিয়ে নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত অদ্রি বর্মন পুলিশের উপপরিদর্শক সুভাষ বর্মনের মেয়ে। সে কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। সুভাষ বর্মন আগে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অদ্রি নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সী শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশুটি। তার পড়ে যাওয়ার ঘটনা দেখে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করলেও পথেই শিশুটির মৃত্যু হয়।

কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অদ্রি বর্মন তাঁর প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বাসার ছাদে খেলাধুলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও আসেনি।

নয় বছর বয়সী অদ্রি বর্মনের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৩ পিস ইয়াবাসহ মনির হোসাইন হৃদয় (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সালুয়াদি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জনি মিয়া ও জাহাঙ্গীর আলম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল মুন্সি, মো. হাসান আলী ও শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সালুয়াদি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মনির হোসাইন হৃদয়কে ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে বিচারিক কার্যক্রমের জন্য কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।