সাজেকে অবরোধ সরাতে গিয়ে সেনাবাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় পর্যটন সড়কে অবরোধ সরানোকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছিলেন আন্দোলনকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ির বাঘাইহাটের দিকে ফিরিয়ে নিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ নিরাপত্তা এসকর্ট পাঠানো হয়।
সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন আটকে পড়া পর্যটকেরা। তবে আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের গাড়িবহর উজোবাজার এলাকায় আটকা পড়ে। অবরোধকারীরা সেখানে অবস্থান নেওয়ায় পর্যটকেরা সামনে এগোতে পারছিলেন না।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা করলে অবরোধকারীরা সরে যান। এরপর বেলা ১১টার দিকে পর্যটকদের গাড়িবহর উজোবাজার এলাকা ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।
বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারিকুল ইমরান একটি সংবাদমাধ্যমকে জানান, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দিয়েছে। বুধবার বিকেলে সংগঠন দুটি যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়কে অবরোধ পালনের ঘোষণা দেয়। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটনকেন্দ্র ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।












Disqus comments are not configured yet.