সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

যানজটের নগরী তাড়াইল: দিনভর স্থবির শহরজীবন

রেজাউল হক প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
যানজটের নগরী তাড়াইল: দিনভর স্থবির শহরজীবন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর এখন যেন স্থায়ী যানজটের নগরী। উপজেলা পরিষদ থেকে শুরু করে থানার মোড়, জাওয়ার রোড ও সদর বাজার পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত অবধি লেগে থাকে যানজট। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত।

স্থানীয়রা জানান, রাস্তায় অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও পণ্যবাহী ভ্যানের চাপ বেড়ে গেছে কয়েকগুণ। সড়কের পাশে অবৈধ দোকান ও হকারদের দখলও যানজটকে তীব্র করছে। দোকানদাররা নিত্যপণ্য সরাসরি রাস্তায় রাখায় চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। এক গলির বাজার হওয়ায় ব্যবসায়ীদের মালবোঝাই ট্রাক বাজারে ঢুকলে যানজট আরও বেড়ে যায়। উপজেলা পরিষদ থেকে থানার মোড় পর্যন্ত কয়েকশ মিটার এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে থাকে।

এক পথচারী বলেন, “বাজারে ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না, কারণ সারাক্ষণই যানজট লেগে থাকে।” ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করে জানান, যানজটের কারণে ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তেমন নজরদারি নেই। নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় চালকেরা যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলে, এতে সমস্যা আরও বেড়ে যায়।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলী বলেন, “যানজট নিরসনে আমরা চেষ্টা করছি। তাড়াইলে নির্দিষ্ট কোনও স্ট্যান্ড না থাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এর থেকে উত্তরণের জন্য আমরা নিয়মিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথেও মতবিনিময় হয়েছে। নিজ নিজ ইউনিয়নের যানবাহন যদি ওই ইউনিয়নের প্রবেশপথ অতিক্রম না করে, তাহলে যানজট অনেকটা কমে আসবে।”

তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, “তাড়াইলে ট্রাফিক বিভাগ ও ট্রাফিক পুলিশ নেই। আমরা কোনও ঘটনা ঘটলে তাৎক্ষণিক একশনে যেতে পারি না শুধু যানজটের কারণেই। থানার গেটেই প্রচুর যানজট লেগে থাকে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভেতর বসে থাকতে হয়।”

সচেতন মহলের মত, সদর বাজার এলাকায় দিনের বেলায় যদি ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখা যায়, ফুটপাতে হকার ও অবৈধ দোকান সরানো হয় এবং বিকল্প পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়, তবে যানজট অনেকটাই কমে যাবে।
সুশীল সমাজ মনে করেন, তাড়াইল বাজার বণিক সমিতি উদ্যোগী হলে ও ব্যবসায়ীরা একযোগে সচেতন হলে যানজট নিরসন সম্ভব। একই সঙ্গে ট্রাফিক পুলিশের স্থায়ী টহল থাকলে তাড়াইলকে যানজটমুক্ত করা সম্ভব। অন্যথায় “যানজটের নগরী তাড়াইল” নামটি আরও স্থায়ীভাবে গায়ে লেগে থাকবে।

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে মৎস্যজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মৎস্যজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নরসুন্দা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা নদী হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ জেলায় মূল নরসুন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৩০ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার)। একসময় কিশোরগঞ্জ শহরের প্রধান আকর্ষণ ছিল এই নদী; অদ্যাবধি এটি শহরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।

দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ স্থাপনায় সংকুচিত হয়ে পড়া নরসুন্দা নদী পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা শহরের নদীর দখলকৃত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি মাজহারুল ইসলাম বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করা গুরুতর অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নদীর জমি ভরাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে দখলকারীদের চিহ্নিত করে তাদের অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি নদীর সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রস্তুত এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহল নদীর তীর ভরাট করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করেছে। এতে বর্ষা মৌসুমে পানিপ্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী একসময় ছিল নাব্য ও প্রশস্ত। দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনার ফলে বর্তমানে নদীর প্রস্থ ও গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নদী পুনরুদ্ধারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।