বাজিতপুরে ধানের শীষের মিছিলে হামলার অভিযোগ, আহত অন্তত ১৫
কিশোরগঞ্জের বাজিতপুরে ধানের শীষ–সমর্থিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে তাঁর নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে একটি মিছিল বের হয়। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলে যোগ দিতে আসার পথে অন্তত কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে।
সরারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান অভিযোগ করেন, ইউনিয়ন থেকে কোর্ট মাঠমুখী মিছিল যাওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের অনুসারীরা হামলা চালায়। এতে তিনিসহ কয়েকজন আহত হন।
গাজিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াও একই অভিযোগ তুলে বলেন, কোর্ট মাঠমুখী মিছিলে উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের অনুসারীরা হামলা চালায়। এতে তিনিসহ আরও কয়েকজন আহত হন।
জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম বলেন, কেন্দ্রীয় বিএনপির সমর্থন পাওয়ার পর এহসানুল হুদার নেতৃত্বে মিছিল আয়োজন করা হয়। কিন্তু পথে পথে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকেরা হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
সৈয়দ এহসানুল হুদা অভিযোগ করে বলেন, তাঁদের মিছিলে সন্ত্রাসী কায়দায় গুলি ও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অভিযোগ অস্বীকার করে বলেন, বড় ধরনের কোনো সংঘাত হয়নি এবং তাঁদের নেতাকর্মীরা এতে জড়িত নন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, কিছু গণ্ডগোলের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




