সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

করিমগঞ্জে আদালতের উচ্ছেদ অভিযানে আগুন—পুড়ল চারটি দোকান

রেজাউল হক প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:২০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
করিমগঞ্জে আদালতের উচ্ছেদ অভিযানে আগুন—পুড়ল চারটি দোকান

কিশোরগঞ্জের করিমগঞ্জে আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম চলাকালে বিবাদী পক্ষ দোকানপাটে আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের বালিয়াবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। আগুনে চারটি দোকানের মালপত্র পুড়ে যায়।

উচ্ছেদ অভিযানে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির, আদালতের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আদালতের লোকজনের নেতৃত্বে দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। একটি এক্সকাভেটর ব্যবহার করে পুড়ে যাওয়া দোকানগুলোর টিন ও আসবাব সরানো হচ্ছে। পুলিশ সদস্যরা পুরো প্রক্রিয়া তদারকি করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামের নজরুল ইসলাম ও মো. মোকারমের মধ্যে বাজারের ২৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রাস্তার পাশে থাকা ওই জমিতে কয়েকটি দোকান গড়ে ওঠে, যা এতদিন নজরুল ইসলামের দখলে ছিল। একাধিক সালিস-বৈঠকেও সমাধান না হওয়ায় মোকারম আদালতের দ্বারস্থ হন। আদালত সম্প্রতি মোকারমের পক্ষে রায় দেন এবং জমি থেকে দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেন।

উচ্ছেদ কার্যক্রম চালাতে সোমবার আদালতের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে উত্তেজনা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাদী নজরুল ইসলামের ভাই সুলতান নিজের দোকানে ঢুকে একটি গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি নিজেও দগ্ধ হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনে নজরুল ও মোকারমের মালিকানাধীনসহ মোট চারটি দোকান পুড়ে যায়। ব্যবসায়ীরা দাবি করেছেন, এ ঘটনায় তাদের ৬০–৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

মোকারম বলেন,
“নজরুলরা আমার জমি দখল করে সেখানে দোকান তুলে ভাড়া দিত। আমি বাধ্য হয়ে তার কাছ থেকেই একটি দোকান ভাড়া নিয়েছিলাম। মামলার রায়ে আমি জমির মালিকানা পাই। উচ্ছেদের সময় বিবাদী পক্ষ দোকানপাটে আগুন লাগায়। আমার দোকানটিও পুড়ে গেছে।”

অগ্নিকাণ্ডের পর নজরুল ইসলাম বা তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানান।

করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির বলেন,
“আদালতের আদেশ অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম চলছিল। এ সময় বিবাদী পক্ষের একজন দোকানে আগুন লাগিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণের পর উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে বাদী পক্ষকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।”

করিমগঞ্জ থানার ওসি সাদেক আল মামুন বলেন,
“প্রাথমিক তদন্তে বিবাদী পক্ষের আগুন লাগানোর তথ্য পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে মৎস্যজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মৎস্যজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নরসুন্দা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা নদী হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ জেলায় মূল নরসুন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৩০ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার)। একসময় কিশোরগঞ্জ শহরের প্রধান আকর্ষণ ছিল এই নদী; অদ্যাবধি এটি শহরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।

দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ স্থাপনায় সংকুচিত হয়ে পড়া নরসুন্দা নদী পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা শহরের নদীর দখলকৃত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি মাজহারুল ইসলাম বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করা গুরুতর অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নদীর জমি ভরাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে দখলকারীদের চিহ্নিত করে তাদের অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি নদীর সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রস্তুত এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহল নদীর তীর ভরাট করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করেছে। এতে বর্ষা মৌসুমে পানিপ্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী একসময় ছিল নাব্য ও প্রশস্ত। দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনার ফলে বর্তমানে নদীর প্রস্থ ও গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নদী পুনরুদ্ধারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।