কটিয়াদীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণমিছিল
কিশোরগঞ্জের কটিয়াদীতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে প্রচারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৬ নভেম্বর, বুধবার একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। এতে অংশ নেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কিশোরগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। এছাড়া কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
সকাল ১০টা থেকে কটিয়াদী উপজেলার একটি পৌরসভা এবং নয়টি ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলে যোগ দেন। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
সমাবেশে অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, “গত ১৭ বছর জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার সেই সুযোগ তৈরি হয়েছে। জনগণ উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দেবেন।” তিনি আরও বলেন, “আমি এমপি নির্বাচিত হলে কটিয়াদী ও পাকুন্দিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। দেশের সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করুন।”







