জমি বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল এক যুবকের
কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে চলমান বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে মোশাররফ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, বহুদিন ধরে শোয়াইর গ্রামের আব্দুল মমিন ও মজিবুর রহমানের পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে একটি মেশিন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় মোশাররফ গুরুতর আহত হন। স্বজনেরা তাকে তড়িঘড়ি করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে বলে জানান ওসি জাফর ইকবাল। তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।







