সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

তাড়াইলে জোরপূর্বক জমি দখল, হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
তাড়াইলে জোরপূর্বক জমি দখল, হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্ঘা ইউনিয়নের কার্তিকখিলা এলাকায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় হামলার শিকার হওয়ার ঘটনায় মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় খুন–জখমের হুমকি দিচ্ছে—এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের লিখিত বক্তব্যে মো. খুরশীদ ভূঁঞা বলেন, “আমার ভাই রোকন মিয়ার সঙ্গে বাড়ির জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০২০ সালে একই গ্রামের প্রতিবেশী আবু কালামের নিকট থেকে ঘরসহ ৭ শতক জমি সাফ–কওলা দলিলমূলে ক্রয় করে বসবাস করছি। এর মধ্যে ২ শতক জমি আমার সৎ ভাই কাজল ভূঁঞাকে রেজিস্ট্রি করে দিই তার বসবাসের জন্য। বাকি ৫ শতক জমি আমার দখলে থাকে। আমি বাড়িতে না থাকার সুযোগে আমার সৎ ভাই ও ভাতিজা জান্নাতুল এবং সৎ ভাইয়ের স্ত্রী ফিরোজসহ অন্যান্য লোকজন আমার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে রেখেছে। বাধা দিলে কিংবা জমি ফেরত চাইলে আমার সৎ ভাই কাজল, ভাতিজা জান্নাতুল ও ভাবী মিলে আমাদের ওপর হামলা চালায়।”

তিনি বলেন, “গত ১২ আগস্ট আমার ভাতিজা জান্নাতুল হামলা চালায় এবং তার হাতে থাকা লোহার অ্যাঙ্গেল দিয়ে মাথায় আঘাত করে হত্যার উদ্দেশ্যে। এতে আমার মাথায় মারাত্মক কাটা ও রক্তাক্ত জখম হয়। আমার ভাই হাতে থাকা শাবল দিয়ে আমাকে মাথায় আঘাত করে। আমার ভাবী তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে মারাত্মক নিলাফুলা জখম করে। এ ঘটনায় তাড়াইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে—মামলা নং ৬(৮)২০২৫, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬ পেনাল কোড।”

তিনি আরও অভিযোগ করেন, “উক্ত মামলায় আসামিরা জামিন পেয়ে আমাদের খুন–জখম করার হুমকি দিচ্ছে। আমাদের বাড়ি ও জমি দখল করে নিয়েছে। তাদের অত্যাচারে আমি ও আমার ভাই রোকন মিয়া খুবই অনিরাপদ অবস্থায় আছি। আসামিরা গুরুতর জখম করার পরও প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে, আবারও খুন–জখম করবে।”

তিনি দাবি করেন, “তারা আমাদের গুরুতর জখম করেছে। আমি তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। কিন্তু গুরুতর জখম হওয়া সত্ত্বেও হাসপাতাল সাধারণ জখম দেখিয়ে মেডিকেল রিপোর্ট দিয়েছে। ডাক্তার আসামিপক্ষের প্রভাবে নরমাল রিপোর্ট দিয়েছেন।”

মামলার বাদী মো. রুকন মিয়া বলেন, “আমার সৎ ভাইয়ের সঙ্গে জমি নিয়ে ঝামেলা চলছে। তারা জোরপূর্বক জমি দখল করে রেখেছে। আমার ভাইকে গুরুতর জখম করেছে। এখন আমাদের খুন–জখম করার হুমকি দিচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আলী রহমান প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার আখড়া বাজার এলাকায় উপজেলা ছাত্রদল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি খণ্ডিত ও বিকৃত বক্তব্যকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করা হয়েছে।

বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্যটি খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার প্রতিফলন নয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল

রবিবার (১ মার্চ) কিশোরগঞ্জ শহরের নুরুল উলুম আদর্শ মহিলা ফাজিল মাদরাসার উদ্যোগে নবনিযুক্ত শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে মাদরাসার শিক্ষার্থীরা প্রধান অতিথি শরীফুল আলম শরীফ, কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহিদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ ওবায়েদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় শিক্ষক ও নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর কাছে মাদরাসার পুরোনো টিনশেড ভবনের পরিবর্তে চারতলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের দাবি উপস্থাপন করেন।

প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, সদ্য দায়িত্ব গ্রহণের পরও মাদরাসার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
প্রতিমন্ত্রীর আগমনে মতবিনিময় সভা; কিশোরগঞ্জে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান

রবিবার (১ মার্চ) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শরিফুল আলম। তিনি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সংসদ সদস্য মাজহারুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন এবং সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বক্তারা কিশোরগঞ্জের প্রধান সমস্যা হিসেবে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, সম্ভাব্য ইপিজেড নির্মাণ এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা , বাংলাদেশ জামায়াতে ইসলাম কিশোরগঞ্জ জেলার আমীর মোঃ রমজান আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম , হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মবিন মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক , কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিকুল্লাহ,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক দেলোয়ার হোসেন দিলু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক ইকরাম হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিস এর সিনিয়র সহ-সভাপতি শের জাহান, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মোহাম্মদ উল্লাহ জামি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলমগীর হোসাইন তালুকদার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং তরুণদের সঠিক পথে পরিচালনার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।