সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

বাজিতপুর থানায় ওপেন হাউজ ডে: নির্বাচনের আগে মাদক ও অবৈধ অস্ত্র দমনের দাবি

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাজিতপুর থানায় ওপেন হাউজ ডে: নির্বাচনের আগে মাদক ও অবৈধ অস্ত্র দমনের দাবি

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ।

এ ছাড়া বক্তব্য রাখেন বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি হোসেন মাহবুবুর কামাল, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ মানিক, এনসিপির আহ্বায়ক রাহাগীব আলম মান্না, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্তজা আলী জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বাজিতপুর উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদার করতে হবে। তারা অভিযোগ করেন, বর্তমানে এলাকায় মাদকের প্রভাব বেড়ে যাওয়ায় যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুবসমাজকে রক্ষায় প্রশাসনের কঠোর ভূমিকার পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ তার বক্তব্যে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে স্বৈরাচারী শাসনে জনগণ অবহেলিত ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐক্য দেশকে রক্ষা করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, ওপেন হাউজ ডে-এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বৈধ কাগজপত্র থাকলেও নদীর মধ্যে স্থাপনা নয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
বৈধ কাগজপত্র থাকলেও নদীর মধ্যে স্থাপনা নয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, মালিকরা বৈধ কাগজপত্র দেখাতে পারলেও নদীর মধ্যে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না। গত রোববার(১ মার্চ) তিনি এমন কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নরসুন্দা নদীতে কেউ কেউ স্থাপনা নির্মাণ করছেন। প্রশ্ন রেখে তিনি বলেন, পৌরসভা কীভাবে এসব স্থাপনার প্ল্যান পাস করল? প্রয়োজনে জমির মালিকদের উপযুক্ত মূল্য পরিশোধ করা হবে; তবে নদীর মধ্যে স্থাপনা করতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান।

কিশোরগঞ্জের নানামুখী উন্নয়নে প্রাথমিকভাবে দেড় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্ধ হয়ে থাকা কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস ও নিটোল মোটরসের কাছে বিক্রি করা কালিয়াচাপড়া চিনিকল পরিদর্শন করবেন। এসব প্রতিষ্ঠান চালু করা সম্ভব না হলেও সেখানে বিকল্প শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। নরসুন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হোসেনপুরের কাউনা বাঁধ খুলে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রমুখ।

রোজায় ৪০০ পরিবারে ইফতার পৌঁছে দিলেন প্রবাসী তোফাজ্জল হোসেন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
রোজায় ৪০০ পরিবারে ইফতার পৌঁছে দিলেন প্রবাসী তোফাজ্জল হোসেন

পবিত্র রমজান মাস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বর্শিকুড়া গ্রামের সৌদি প্রবাসী তোফাজ্জল হোসেনের উদ্যোগে ৪০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার বর্শিকুড়া ও আদুমাস্টার বাজার এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অসচ্ছল ও রোজাদার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত তোফাজ্জল হোসেন নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রতিবছর তিনি এলাকার রোজাদার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

তোফাজ্জল হোসেনের ভাই নজরুল ইসলাম জানান, প্রবাসে থাকলেও তোফাজ্জল সবসময় গ্রামের মানুষের খোঁজখবর রাখেন। রমজান মাসে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তিনি প্রতি বছরই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, ইফতার সামগ্রী পেয়ে উপকৃত পরিবারের সদস্যরা প্রবাসী তোফাজ্জল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর মঙ্গল কামনা করেন।

অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আলী রহমান প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার আখড়া বাজার এলাকায় উপজেলা ছাত্রদল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি খণ্ডিত ও বিকৃত বক্তব্যকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করা হয়েছে।

বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্যটি খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার প্রতিফলন নয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।