সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

হোসেনপুরে শীতবস্ত্র বিতরণে ‘বিনা পয়সার বাজার’, প্রশংসিত শিক্ষার্থীদের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে শীতবস্ত্র বিতরণে ‘বিনা পয়সার বাজার’, প্রশংসিত শিক্ষার্থীদের উদ্যোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে শীতবস্ত্র বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একদল শিক্ষার্থী। তাদের উদ্যোগে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু নিজের পছন্দ অনুযায়ী শীতের পোশাক পেয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের হাসি ফাউন্ডেশন’

উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনেক শিশুর জন্য নিজের পছন্দের পোশাক বেছে নেওয়া যেখানে কেবল স্বপ্ন, সেখানে সেই স্বপ্ন বাস্তব করেছে হোসেনপুরের একদল স্বপ্নবাজ শিক্ষার্থী।

এবারের কর্মসূচিতে প্রচলিত ত্রাণ বিতরণের বদলে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক ‘বিনা পয়সার বাজার’। সেখানে সাজানো ছিল নতুন শীতের পোশাক। সেখান থেকে শিশুদের নিজ নিজ পছন্দের রং ও মাপ অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এতে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়।

জানা যায়, ২০১৮ সালে স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকা দিয়ে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষুদ্র উদ্যোগ এখন মানবিকতার বড় এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ বছর শিশুদের পাশাপাশি এলাকার ১০০টি অসহায় ও দুস্থ পরিবারকে উষ্ণ কম্বলও বিতরণ করা হয়।

শিশুদের পছন্দকে গুরুত্ব দিয়ে পোশাক বিতরণের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুবিধা নিতে আসা অণীতা রাণী (৩৫) বলেন, “প্রতি বছর এখানেই এমন উদ্যোগ দেখি, আর কোথাও দেখি না। আমি আমার সন্তানের জন্য শীতবস্ত্র নিতে এসেছি।”

আরেক উপকারভোগী আব্দুল গণি (৬৫) বলেন, “আমি শীতে খুব কষ্টে ছিলাম। শীতের কাপড় পেয়ে উপকৃত হয়েছি। আল্লাহ তাদের ভালো করুক, তারা যেন প্রতিবছর এভাবে অসহায়দের সহায়তা করে।”

সংগঠনটির উপদেষ্টা এবিএম চঞ্চল চৌধুরী বলেন, “শিশুদের হাসি ফাউন্ডেশনের এমন উদ্যোগ যেন ধারাবাহিকভাবে চলমান থাকে, সে জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

মানবিকতার এই ব্যতিক্রমী আয়োজন শুধু শিশুদের মুখে হাসিই ফোটায়নি, বরং ভালোবাসার উষ্ণতায় রাঙিয়েছে পুরো শীতের পরিবেশ।

বৈধ কাগজপত্র থাকলেও নদীর মধ্যে স্থাপনা নয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
বৈধ কাগজপত্র থাকলেও নদীর মধ্যে স্থাপনা নয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, মালিকরা বৈধ কাগজপত্র দেখাতে পারলেও নদীর মধ্যে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না। গত রোববার(১ মার্চ) তিনি এমন কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নরসুন্দা নদীতে কেউ কেউ স্থাপনা নির্মাণ করছেন। প্রশ্ন রেখে তিনি বলেন, পৌরসভা কীভাবে এসব স্থাপনার প্ল্যান পাস করল? প্রয়োজনে জমির মালিকদের উপযুক্ত মূল্য পরিশোধ করা হবে; তবে নদীর মধ্যে স্থাপনা করতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান।

কিশোরগঞ্জের নানামুখী উন্নয়নে প্রাথমিকভাবে দেড় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্ধ হয়ে থাকা কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস ও নিটোল মোটরসের কাছে বিক্রি করা কালিয়াচাপড়া চিনিকল পরিদর্শন করবেন। এসব প্রতিষ্ঠান চালু করা সম্ভব না হলেও সেখানে বিকল্প শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। নরসুন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হোসেনপুরের কাউনা বাঁধ খুলে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রমুখ।

রোজায় ৪০০ পরিবারে ইফতার পৌঁছে দিলেন প্রবাসী তোফাজ্জল হোসেন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
রোজায় ৪০০ পরিবারে ইফতার পৌঁছে দিলেন প্রবাসী তোফাজ্জল হোসেন

পবিত্র রমজান মাস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বর্শিকুড়া গ্রামের সৌদি প্রবাসী তোফাজ্জল হোসেনের উদ্যোগে ৪০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার বর্শিকুড়া ও আদুমাস্টার বাজার এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অসচ্ছল ও রোজাদার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত তোফাজ্জল হোসেন নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রতিবছর তিনি এলাকার রোজাদার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

তোফাজ্জল হোসেনের ভাই নজরুল ইসলাম জানান, প্রবাসে থাকলেও তোফাজ্জল সবসময় গ্রামের মানুষের খোঁজখবর রাখেন। রমজান মাসে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তিনি প্রতি বছরই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, ইফতার সামগ্রী পেয়ে উপকৃত পরিবারের সদস্যরা প্রবাসী তোফাজ্জল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর মঙ্গল কামনা করেন।

অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আলী রহমান প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অষ্টগ্রামে ছাত্রদল নেতা মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার আখড়া বাজার এলাকায় উপজেলা ছাত্রদল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি খণ্ডিত ও বিকৃত বক্তব্যকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করা হয়েছে।

বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্যটি খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনার প্রতিফলন নয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।