সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

বাজিতপুরে শতবর্ষী সরকারি খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন; যুবদল নেতা অভিযুক্ত

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাজিতপুরে শতবর্ষী সরকারি খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন; যুবদল নেতা অভিযুক্ত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মইতপুর মৌজায় শত বছরের পুরোনো একটি সরকারি পানি নিষ্কাশন খাল ভরাট ও দখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসী। খাল বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি ও ফসলহানির প্রতিবাদে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মইতপুর খালের পাড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মইতপুর গ্রামে প্রায় ৪২ ফুট প্রশস্ত একটি সরকারি খাল ছিল, যা দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ রয়েছে, খাল ও খালপাট (কালভার্ট) বন্ধ করে পুকুর খনন করে মাছ চাষ করা হচ্ছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়ে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, কোথাও খাল দখল করে মাছ চাষ করা হচ্ছে, আবার কোথাও বাঁধ দিয়ে পুকুর ও স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই ফসলি জমি ও বসতভিটায় পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন মৌসুমি ফসলের চাষ ব্যাহত হচ্ছে এবং কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

বক্তারা জানান, বর্তমানে খালটির প্রস্থ সংকুচিত হয়ে মাত্র ৭–৮ ফুটে নেমে এসেছে; বাকি অংশ দখল হয়ে গেছে। নিকলী–বাজিতপুর সড়কের মইতপুর এলাকার একটি ব্রিজের এক পাশের পানিপ্রবাহ বন্ধ করে পুকুর খনন ও চারদিকে বাঁধ দেওয়ার অভিযোগও করা হয়।

মানববন্ধনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি এমদাদুল হক কোহিনুরের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ তোলা হয়। এলাকাবাসীর দাবি, ৫ আগস্টের পর সরকার পরিবর্তনের সুযোগে খালের একটি অংশ দখল করে পুকুরের সঙ্গে যুক্ত করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন নাহিদুর রহমান খান (অবসরপ্রাপ্ত বিডিআর), বিএনপি নেতা সঞ্জু, রবিন আহমেদ, কাউসার খান, মো. হান্নান মিয়া, মো. সুমন মিয়া, মো. আশরাফসহ আরও অনেকে। বক্তারা বলেন,
“এই খাল আমাদের এলাকার কৃষির প্রাণ। খাল বন্ধ হয়ে যাওয়ায় শুধু ফসল নয়, আমাদের জীবন-জীবিকাই হুমকির মুখে পড়েছে।”

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শতবর্ষী সরকারি খাল উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বাজিতপুর উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা।

অভিযোগের বিষয়ে যুবদলের জেলা সহ-সভাপতি এমদাদুল হক কোহিনুর বলেন, “বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। এই জায়গাটি দীর্ঘদিন ধরে আমরা ইজমালি হিসেবে ব্যবহার করে আসছি। খাজনা না দেওয়ায় এটি সরকারি খাস খতিয়ানে রেকর্ড হয়েছে। আমি এখানে মাছ চাষ করছি এবং আলের ওপর মাটি দিয়েছি। সরকার যদি দাবি করে, আমার কোনো আপত্তি নেই। আমি কোনো খাল দখল করিনি।”

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে মৎস্যজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মৎস্যজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নরসুন্দা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা নদী হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ জেলায় মূল নরসুন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৩০ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার)। একসময় কিশোরগঞ্জ শহরের প্রধান আকর্ষণ ছিল এই নদী; অদ্যাবধি এটি শহরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।

দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ স্থাপনায় সংকুচিত হয়ে পড়া নরসুন্দা নদী পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা শহরের নদীর দখলকৃত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি মাজহারুল ইসলাম বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করা গুরুতর অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নদীর জমি ভরাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে দখলকারীদের চিহ্নিত করে তাদের অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি নদীর সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রস্তুত এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহল নদীর তীর ভরাট করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করেছে। এতে বর্ষা মৌসুমে পানিপ্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী একসময় ছিল নাব্য ও প্রশস্ত। দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনার ফলে বর্তমানে নদীর প্রস্থ ও গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নদী পুনরুদ্ধারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।