শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ ১৪৩২
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ ১৪৩২

ইনকিলাব মঞ্চে পুলিশের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইনকিলাব মঞ্চে পুলিশের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের ‘হামলা’র প্রতিবাদে কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার সেতু সংলগ্ন চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে, শহীদী মসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিক্ষোভে হাদি হত্যার দ্রুত বিচার এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের কথিত ‘হামলা’র প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারীদের ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘পুলিশ লীগের বিরুদ্ধে—অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভাইয়ের ওপর হামলা কেন—ইন্টেরিম জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ফয়সাল প্রিন্স, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, মাওলানা এ কে এম নাজিমুদ্দিনসহ ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে চলমান কর্মসূচিতে পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। ফ্যাসিস্ট শাসনামলেও এমন নৃশংসতা দেখা যায়নি। তারা প্রশ্ন তোলেন, ইন্টেরিম সরকার ও পুলিশ কার স্বার্থে এই হামলা চালিয়েছে?

বক্তব্যে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানের পর জনগণ পরিবর্তনের আশা করেছিল। কিন্তু ইন্টেরিম সরকারও কাঙ্ক্ষিত সংস্কার আনতে ব্যর্থ হয়েছে। পুলিশের দমননীতি এখনো অব্যাহত রয়েছে। যারা মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, তারা আজ সেই মানুষের ওপরই হামলা চালাচ্ছে। তারা বলেন, আমরা চুপ থাকব না। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে গুরুতর আহত হন।

নির্বাচন প্রস্তুতি নিয়ে কিশোরগঞ্জে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
নির্বাচন প্রস্তুতি নিয়ে কিশোরগঞ্জে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কিশোরগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তারা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসের আয়োজনে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় নির্বাচন কর্মকর্তারা নির্বাচনপূর্ব ও নির্বাচন-পরবর্তী করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

ভোটাধিকার ও গণতন্ত্রের পক্ষে কটিয়াদীতে এনসিপির প্রচার কর্মসূচি

মিজানুর রহমান প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
ভোটাধিকার ও গণতন্ত্রের পক্ষে কটিয়াদীতে এনসিপির প্রচার কর্মসূচি

কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের গণভোটকে কেন্দ্র করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ব্যাপক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার আচমিতা বাজার এলাকায় এ প্রচারণা কর্মসূচি পালন করা হয়।

প্রচারণায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক আবু সাঈদ (উজ্জ্বল)। তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং গণভোটের গুরুত্ব ও দেশের উন্নয়নে ভোটাধিকার প্রয়োগের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রচারণাকালে আবু সাঈদ উজ্জ্বল বলেন, “দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মতামতের প্রতি সম্মান নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। জনগণই রাষ্ট্রের মালিক—এই মালিকানা প্রতিষ্ঠার জন্য সবাইকে সচেতনভাবে ভোটকেন্দ্রে যেতে হবে।”

তিনি আরও বলেন, “এই গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সব ধরনের ভয়-ভীতি উপেক্ষা করে সবাইকে নির্ভয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রচারণা চলাকালে লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর মধ্যে গণভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং সক্রিয় অংশগ্রহণের আহ্বান আরও জোরদার হয়।

বাজিতপুরে মার্কিন সিনেটর বড় ভাই দেশে এসে ভোট চাইলেন ছোট ভাইয়ের পক্ষে

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
বাজিতপুরে মার্কিন সিনেটর বড় ভাই দেশে এসে ভোট চাইলেন ছোট ভাইয়ের পক্ষে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী) আসনে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের হাঁস প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বাজিতপুরের ঐতিহাসিক ডাক বাংলার মাঠে আয়োজিত এ জনসভায় হাজারো মানুষের ঢল নামে, যা একপর্যায়ে মহাসমাবেশে রূপ নেয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং তিনবারের মার্কিন সিনেটর শেখ মুজাহিদ রহমান চন্দন। তিনি বলেন, “আমি যদি যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারি, তাহলে আমার ভাই কেন বাংলাদেশের সংসদ সদস্য হতে পারবে না? গত ৪৬ বছর ধরে আমি বিদেশে অবস্থান করছি। এই সময়ে বাংলাদেশ অনেক উন্নয়ন করলেও বাজিতপুর ও নিকলী এখনো পিছিয়ে রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি হাঁস মার্কায় ভোট দিয়ে আমার ভাইকে জয়যুক্ত করুন।”

তিনি আরও বলেন, বাজিতপুর–নিকলীর মানুষ যদি ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ায়, তবে এ জনপদে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, “আমি আপনাদের কাছে একটি মাত্র ভোট ভিক্ষা চাই। আমাকে একটি ভোট দিন—আমি আপনাদের পাঁচ বছর নিরাপত্তা দেব। ইনশাল্লাহ, আপনারা দরজা খোলা রেখেই নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।”

তিনি বলেন, “দুই যুগেরও বেশি সময় ধরে আমি বাজিতপুর–নিকলীর মানুষের পাশে ছিলাম, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকব। দল-মত নির্বিশেষে—হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই এলাকাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই।”

দলীয় বহিষ্কার প্রসঙ্গে ইকবাল বলেন, “আমার দলের যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি বিজয়ের মাধ্যমে এই অন্যায়ের জবাব দেওয়া হবে। এই বিজয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়া হবে।”

জনসভায় বাজিতপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ডাক বাংলার মাঠে সৃষ্টি হয় এক ঐতিহাসিক রাজনৈতিক জনসমাবেশ।