একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) পালিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে রাতের প্রথম প্রহর থেকেই শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং কিশোরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
এরপর একে একে জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কিছু সময়ের মধ্যেই সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরা শহীদ বেদীতে ফুল অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানসহ বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দিবসটি উপলক্ষে সকালে শহরের বিভিন্ন সড়কে প্রভাতফেরি বের করা হয়। পাশাপাশি আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। ভাষা শহীদদের ত্যাগই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতিকে সাহস ও প্রেরণা জুগিয়েছে।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।







