হোসেনপুরে চাঁদা দাবি, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের হোসেনপুরে চাঁদা দাবি, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর পরিবার।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্বপ্না আক্তার। তিনি জানান, তার স্বামী আসাদুজ্জামান কিরণ (পোল্যান্ড প্রবাসী) গত ২৬ ফেব্রুয়ারি সকালে বাড়িতে অবস্থানকালে একই এলাকার খাইরুল ইসলাম তার সহযোগীদের নিয়ে তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দিন ইফতারের আগ মুহূর্তে খাইরুল ইসলাম ও তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাদের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং বাধা দিতে গেলে পরিবারের একাধিক সদস্যকে মারধর করে আহত করে। আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, পরবর্তীতে প্রতিপক্ষ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং ২৭ ফেব্রুয়ারি ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনও অনুষ্ঠিত করে। এতে তার স্বামীসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বপ্না আক্তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি করেন তিনি। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।







