কিশোরগঞ্জে র্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জে পৃথক অভিযানে দুইজনকে আটক ও গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক এবং একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে কিশোরগঞ্জ সদর থানার কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে একটি অস্থায়ী চেকপোস্টে অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মো. ফারুক মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে থাকা বাজারের ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
এদিকে একই দিন দুপুর ১টার দিকে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন এলাকায় অভিযান চালায়। এ সময় সদর থানার মামলা নং-৩৭(২)১৮, জিআর-১১১(২)১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১৯(১) সারণি ৯(ক) ধারায় ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুমন মিয়া (৩২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়া সদর উপজেলার বাড়খাপন এলাকার মৃত ইদ্রিসের ছেলে।
এ বিষয়ে র্যাব জানিয়েছে, আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




