শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

এস কে শাহীন নবাব প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তার বিপুল পরিমাণ চাল মজুত রাখার দায়ে মেসার্স তৌফিক এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ) হোসেনপুর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।

অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানে সরকারি সিলযুক্ত বিপুল পরিমাণ চালের বস্তা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, তিনি বিভিন্ন দপ্তর থেকে এসব চাল ক্রয় করেছেন এবং এর সপক্ষে ডিও লেটার (অধিযাচন পত্র) প্রদর্শন করেন।

তবে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩–এর ৬ ধারা অনুযায়ী সরকারি খাদ্য অধিদপ্তরের চাল বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি বা মজুত করা দণ্ডনীয় অপরাধ।

আইন লঙ্ঘনের দায়ে মেসার্স তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে হোসেনপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন মিয়া প্রসিকিউশন দাখিল করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হোসেনপুর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পৌর প্রশাসক মোহসী মাসনাদ বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সৌদি আরবে বজ্রাঘাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
সৌদি আরবে বজ্রাঘাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারের পাশে ইউএনও

সৌদি আরবে বজ্রাঘাতে নিহত কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার পশ্চিম ধুলজুরী গ্রামের প্রবাসী মো. রাসেল মিয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাজী নাহিদ ইভা নিহত রাসেল মিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপলক্ষে জামাকাপড়, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) সৌদি আরবে কর্মস্থলে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে রাসেল মিয়ার মৃত্যু হয়। মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েন তার স্ত্রী ও চার সন্তান।

শনিবার ইউএনও কাজী নাহিদ ইভা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহ দেন। তিনি বলেন, “রাসেল মিয়ার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকার চেষ্টা করবে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। এছাড়া নিহতের মরদেহ দেশে ফেরত আনার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করা হবে।”

ঈদ উপহার পেয়ে নিহত রাসেলের স্ত্রী শাহানাজ বলেন, “আমার দুর্যোগের সময়ে ইউএনও স্যার যে সহযোগিতা করেছেন, তাতে আমি কৃতজ্ঞ।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা জানান, দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কাছে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

ইমাম–মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতা চালু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
ইমাম–মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতা চালু

রাজধানীতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে পুরোহিত, সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং গির্জার যাজকদের জন্যও সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বার্তায় জানায়, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জন্যও এ সম্মানী কার্যক্রম চালু করা হয়েছে।

জানা যায়, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।

এ ছাড়া প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবায়েত পাবেন ৩ হাজার টাকা।

প্রতিটি বৌদ্ধবিহারের জন্যও ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা।

এ ছাড়া প্রতিটি খ্রিস্টান গির্জার জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা করে।

নিকলীতে সাংবাদিক আটককে ঘিরে বিতর্ক: এসিল্যান্ডের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
নিকলীতে সাংবাদিক আটককে ঘিরে বিতর্ক: এসিল্যান্ডের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ

(বামে) সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত ও (ডানে) সাংবাদিক আলী জামসেদ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক দৈনিক নয়া দিগন্ত-এর নিকলী প্রতিনিধি সাংবাদিক আলী জামসেদের আটকের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত-এর ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে নিকলী হাসপাতাল মোড় এলাকায় আলী জামসেদ একটি দোকানে বসে থাকাকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। অভিযোগ করা হয়, রাস্তার পাশে রাখা একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেলের সঙ্গে তাকে জড়িয়ে আটক করা হয়েছে।

সাংবাদিক আলী জামসেদ দাবি করেন, মোটরসাইকেলটি তার নয়। বিষয়টি বারবার জানালেও তাকে দীর্ঘ সময় আটকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওই মোটরসাইকেলের মালিকানা স্বীকার করতে চাপ দেওয়া হয়। পরে ‘অশোভন আচরণ’-এর অভিযোগ তুলে তাকে নিকলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

এদিকে স্থানীয় সাংবাদিকদের দাবি, সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। এর মধ্যে এক মুক্তিযোদ্ধার নাতি রিকশাচালককে মারধর এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে খাস জমি থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার অভিযোগও উঠে আসে। এসব সংবাদ প্রকাশের জের ধরেই পরিকল্পিতভাবে আলী জামসেদকে আটক করা হয়েছে বলে তারা মনে করছেন।

তবে এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকে আটক করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ আলী জামসেদকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।