করিমগঞ্জে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় করিমগঞ্জ আনন্দবাজার এলাকায় অবস্থিত মডেল মসজিদের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করিমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শেখ খায়রুল কবির।
করিমগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্স, করিমগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির প্রফেসর আজিজুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ, তাড়াইল উপজেলা এনসিপির সমন্বয়কারী মাসুদ আলম, করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম এবং শিক্ষক নেতা কামাল হোসেন।
উপজেলা এনসিপির সদস্যসচিব মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ খায়রুল কবির বলেন, “জুলাই আন্দোলনের অবদানকে যারা অস্বীকার করেন এবং গণরায়কে তুচ্ছতাচ্ছিল্য করেন, তাদের পরিণতি ভালো হবে না।” তিনি আরও বলেন, “দেড় থেকে দুই হাজার শহীদ ও প্রায় ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার ত্যাগ জাতি ভুলতে পারে না।”
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।







