কিশোরগঞ্জের কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেপ্তার
কিশোরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল ও পলাতক আসামি মো. কাউছার (২১) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত কাউছারের বাড়ি কিশোরগঞ্জ জেলাতে। শনিবার(১৪ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৫ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-১৪–এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, মো. কাউছারের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি বাসা ভাড়া নেন। সেখানে অবস্থানকালে গত বছরের ২০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে কাউছার।
ঘটনার পর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে কিশোরগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামি কাউছার এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।
দীর্ঘ তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব-১ উত্তরা, ঢাকার সার্বিক সহায়তায় পলাতক আসামি কাউছারকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ ক্যাম্প কমান্ডার মো. শাহজাহান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array