রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ ১৪৩২
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ ১৪৩২

হোসেনপুরে জুয়া ও মাদকবিরোধী র‍্যালি-বিক্ষোভ, যুবসমাজকে রক্ষার আহ্বান

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে জুয়া ও মাদকবিরোধী র‍্যালি-বিক্ষোভ, যুবসমাজকে রক্ষার আহ্বান

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জুয়া ও মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে এই সামাজিক ব্যাধি থেকে রক্ষার দাবিতে র‍্যালি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাকচান্দা কালীবাজার সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী, সচেতন যুবসমাজ এবং উত্তর গোবিন্দপুর জুয়া ও মাদক নির্মূল সংগ্রাম পরিষদের সদস্যরা।

“মাদককে না বলুন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের অভিশাপ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালি শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, উত্তর গোবিন্দপুর গ্রামের অলিগলিতে জুয়া ও মাদকের অপব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। তারা দ্রুত এই সমস্যা নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন উত্তর গোবিন্দপুর জুয়া ও মাদক নির্মূল সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন মাস্টার, আহ্বায়ক ইমাম উদ্দিন, মাওলানা আনিসুর রহমান তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, জান্নাতুল নাঈম খান, ইউপি সদস্য চান মিয়া, সুমন মিয়া, মাসুদ রানা, নাঈম, মাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুব প্রতিনিধিরা।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, “জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এটি একটি সামাজিক ব্যাধি। জুয়া ও মাদক সম্পূর্ণ নির্মূল করাই আমাদের লক্ষ্য। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

হোসেনপুরে ফিলিং স্টেশনে পরিমাপ ও মান যাচাইয়ে প্রশাসনের আকস্মিক পরিদর্শন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
হোসেনপুরে ফিলিং স্টেশনে পরিমাপ ও মান যাচাইয়ে প্রশাসনের আকস্মিক পরিদর্শন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও গুণগত মান নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার ‘মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিং স্টেশন’-এ তিনি এ পরিদর্শন পরিচালনা করেন। এ সময় ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের সঠিক মাপে তেল সরবরাহ করা হচ্ছে কি না এবং জ্বালানির মান যথাযথ রয়েছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) পাম্প কর্তৃপক্ষকে সরকারি বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে পরিমাপে কোনো ধরনের কারচুপি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিকলীতে ঈদ উপহারের চাল নিয়ে অনিয়ম, ইউএনওর অভিযানে সিলগালা জব্দকৃত চাল

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
নিকলীতে ঈদ উপহারের চাল নিয়ে অনিয়ম, ইউএনওর অভিযানে সিলগালা জব্দকৃত চাল

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ঈদ উপহারের চাল জব্দ করে সিলগালা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি। প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে কারপাশা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষে রাখা ৬৯ বস্তা চাল জব্দ করে সিলগালা করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সাতটি ইউনিয়নে গত ১৮ মার্চ থেকে হতদরিদ্রদের মাঝে মাথাপিছু ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়, যা ঈদের আগেই শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয়টি ইউনিয়নে বিতরণ সম্পন্ন হলেও কারপাশা ইউনিয়নে তা শেষ হয়নি।

অভিযোগ রয়েছে, কারপাশা ইউনিয়নের ২ হাজার ৫৫৪ জন সুবিধাভোগীর মধ্যে অনেকের কাছ থেকে চালের স্লিপ রেখে চাল না দিয়ে ফেরত পাঠানো হয়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঈদের চারদিন পরও চাল বিতরণ না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে অনুসন্ধান চালাতে গিয়ে স্থানীয় সাংবাদিকরা তথ্য পান যে, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষে বিপুল পরিমাণ চাল মজুদ রাখা হয়েছে। পরে ২৫ মার্চ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে ৬৯ বস্তা চাল উদ্ধার করে কক্ষগুলো তালাবদ্ধ করেন।

এ ঘটনার চার-পাঁচ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় রবিবার দুপুরে স্থানীয়রা প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

পরবর্তীতে বেলা ২টার দিকে ইউএনও রেহেনা মজুমদার মুক্তি, পিআইও মো. দেলোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চালগুলো জব্দ করে কক্ষ সিলগালা করেন।

এর আগে জামাল সর্দারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। অভিযোগ রয়েছে, এসব ঘটনার জেরে তিনি প্রতিশোধপরায়ণ হয়ে ‘দৈনিক কিশোরগঞ্জে’র এক প্রতিবেদকের বিরুদ্ধে মব সৃষ্টির মাধ্যমে মানববন্ধন, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণসহ নানা মানহানিকর অপতৎপরতায় জড়ান এবং মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন, যা থানা পুলিশের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঈদের আগে স্লিপ থাকা সত্ত্বেও তাদের চাল দেওয়া হয়নি। ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলেনা (২৫), স্বপ্না (৩০) ও আয়শা বেগম (৩৫) জানান, তারা ইউনিয়ন পরিষদে গিয়ে চাল না পেয়ে ফিরে এসেছেন।

এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আদিত্য হাসান সাজন জানান, প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারের বিরুদ্ধে পূর্বেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে গত বছর জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব দেওয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, জামাল সর্দার দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।

এ বিষয়ে ইউএনও রেহানা মজুমদার মুক্তি বলেন, “ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে রাখা ৬৯ বস্তা চাল জব্দ করে সিলগালা করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভৈরবে ট্রাক-ভ্যান সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
ভৈরবে ট্রাক-ভ্যান সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পৌর শহরের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় দেশের পটুয়ার নামের জুতার কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত পিকআপ চালকের নাম মো. মিরাজ (৪১)। তিনি ঢাকা যাত্রাবাড়ী থানার দনিয়ার দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে।

ভৈরব হাইওয়ে থানার এসআই মো. রোকনুজ্জামান জানান, ভোরে পৌর শহরের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো ট ২২-৭৬৬১) কুলিয়ারচর থেকে আসা ঢাকাগামী মাছ বহনকারী পিকআপ (রেজি: ঢাকা মেট্রো ন ২৩-১২০১) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ চালক মিরাজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডা. ইসরাত জাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ট্রাক চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনা কবলিত পিকআপ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের মা রাবিয়া আক্তার নাছিমা হাইওয়ে থানায় ট্রাক চালককে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”