হাসপাতাল ও পর্যটনকেন্দ্র গড়ার অঙ্গীকারে নিকলীতে ইকবালের নির্বাচনী জনসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় নিকলীর ঐতিহাসিক ঈদগাঁও মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. মানিক।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল (হাঁস প্রতীক)। তিনি বলেন, “আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে পরবর্তী পাঁচ বছর নিকলীর মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব। নিকলীতে একটি আধুনিক হাসপাতাল ও পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে, যাতে আর ভাগলপুর জরুল ইসলাম হাসপাতালে ছুটতে না হয়—নিকলীর মানুষ নিকলীতেই মানসম্মত চিকিৎসাসেবা পাবে।”
তিনি আরও বলেন, “আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছেন, তার প্রতিদান হিসেবে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করতে চাই। নিকলীর উন্নয়ন হবে আমার প্রথম অগ্রাধিকার।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের তিনবারের নির্বাচিত মার্কিন সিনেটর শেখ মুজাহিদুল রহমান চন্দন। তিনি বলেন, “আপনারা দেশকে ভালোবাসেন, ভালো মানুষকে নির্বাচিত করেন। আপনারা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যান—ভয় পাবেন না। আমি আপনাদের পাশে আছি। আমার ছোট ভাই শেখ মুজিবুর রহমান ইকবালকে ১২ ফেব্রুয়ারি হাঁস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি কথা দিচ্ছি, সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে বাজিতপুর–নিকলীর সার্বিক উন্নয়নে পাশে থাকব।”
জনসভায় নিকলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিশাল এ সমাবেশে বক্তারা নিকলীর অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, হাওরভিত্তিক পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে নিকলী একটি নিরাপদ, আধুনিক ও পর্যটনসমৃদ্ধ উপজেলায় রূপ নেবে।




