তাড়াইলে বিএনপি প্রার্থী ড. এম ওসমান ফারুকের জনসভা, আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক তাড়াইল উপজেলায় এক নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন। জনসভায় জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া ছিল চোখে পড়ার মতো।
জনসভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে তাড়াইল উপজেলায় একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে এলাকার মানুষ উন্নত চিকিৎসার জন্য জেলা সদর কিংবা ঢাকামুখী হতে না হয়।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন আমার রাজনৈতিক অগ্রাধিকারের শীর্ষে থাকবে।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ গাউস এবং গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ও করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। এছাড়াও তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভায় যোগ দেন। ঢোল-বাদ্য, হাততালি ও স্লোগানে জনসভাস্থল মুখরিত হয়ে ওঠে। ধানের শীষ প্রতীকের ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভা প্রাঙ্গণ পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
জনসভার শেষপর্বে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড. এম ওসমান ফারুককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।




