করিমগঞ্জে জনসমুদ্রে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ড. এম ওসমান ফারুক
করিমগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুক উপস্থিত জনতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে করিমগঞ্জে অনুষ্ঠিত এ মহাসমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন), জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল ও সাধারণ সম্পাদক হারুন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মাঠে জায়গা সংকুলান না হওয়ায় বিপুলসংখ্যক মানুষ আশপাশের সড়কে অবস্থান নেন। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ড. এম ওসমান ফারুক সাবেক শিক্ষামন্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, খ্যাতনামা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।




