শিগগির আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এখন নিয়মতান্ত্রিকভাবে যাচাই-বাছাই চলছে। শিগগিরই প্রতিটি আসনে একজন করে প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে।”
তিনি জানান, নির্বাচনে জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। আসন ভাগাভাগি প্রসঙ্গে বলেন, “যাদের সঙ্গে জোট হবে, তাদের সঙ্গে এখনো আলোচনা চলছে। জোটের কাছে আমরা সেই আসনগুলো চাইব বা শেয়ার করব, যেখানে জয়ের সম্ভাবনা বেশি।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে আলোচনার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “রাজনৈতিক আলোচনা সব দলের সঙ্গেই হয়। এনসিপির সঙ্গেও হয়েছে, তবে আসনভিত্তিক আলোচনা হয়নি।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত তাদের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।”
তিনি আরও বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই যেকোনো সিদ্ধান্ত হওয়া উচিত।
আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, “৫ আগস্ট জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা জনগণ ও আদালতই নির্ধারণ করবে।”
এম.এম/কি







