টেকনাফে মধ্যরাতে ভূমিকম্প, কেঁপে উঠল উপকূল
কক্সবাজারের টেকনাফ শহর গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনটি দুর্বল হওয়ায় অধিকাংশ মানুষ তা টের পাননি।
ভূমিকম্প–বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফে খুব অল্প ঝাঁকুনির কারণে অধিকাংশ বাসিন্দা ঘুম থেকে ওঠেননি। যদিও ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা সঠিকভাবে জানানো যায়নি, ইউরোপীয় সংস্থা ইএমএসসি জানিয়েছে এটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। পরদিন শনিবার দেশে আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ওইদিন মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প ঘটে। সকাল ৬টা ৪১ মিনিট ও ৭টা ১৯ মিনিটে দুই দফায় কম্পন অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭।
এ অবস্থায় ভূমিকম্পঝুঁকিতে থাকা রাজধানী ঢাকা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি এখন আগের তুলনায় বেশি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে ঢাকার ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে। এতে দুই লাখের বেশি মানুষের মৃত্যুঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।







